বিনোদন

বিশ্বজুড়ে দেড়শোর বেশি শো নিয়ে আসছে ‘কে-পপ ডেমন হান্টার্স’

বিশ্বজুড়ে দেড়শোর বেশি শো নিয়ে আসছে ‘কে-পপ ডেমন হান্টার্স’

নেটফ্লিক্সে ব্যাপক জনপ্রিয়তা পাওয়ার পর এবার বিশ্বমঞ্চে আসছে অ্যানিমেটেড সিনেমা ‘কে-পপ ডেমন হান্টার্স’। সিনেমাটির কাল্পনিক কে-পপ গার্ল গ্রুপ হান্ট্রিক্সকে নিয়ে ২০২৭ ও ২০২৮ সালে আয়োজন করা হবে বিশ্বব্যাপী কনসার্ট ট্যুর। ‘গোল্ডেন ওয়ার্ল্ড ট্যুর’ নামের এই আয়োজনে প্রায় ৫০ টি শহরে ১৫০ টির বেশি শো অনুষ্ঠিত হবে। 

ভারতীয় সংবাদমাধ্যম দ্য স্টেটসম্যানের প্রতিবেদন অনুযায়ী, নেটফ্লিক্স ও লাইভ এন্টারটেইনমেন্ট প্রতিষ্ঠান এইজি প্র্রেজন্টস যৌথভাবে এ ট্যুরের ঘোষণা দিয়েছে। প্রাথমিকভাবে উত্তর আমেরিকা ও ইউরোপের ৩৫টি শহরে ৬১টি পরিবেশনা সূচি প্রকাশ করা হয়েছে। ২০২৭ সালের ৫জুন যুক্তরাষ্ট্রের বাল্টিমোরে প্রথম শোর মধ্য দিয়ে শুরু হবে এই আয়োজন।

সিনেমাটির প্রধান তিন চরিত্র রুমি, মিরা ও জোইকে একসঙ্গে হান্ট্রিক্স নামে চেনেন দর্শকেরা। এবারের ট্যুরে এই তিন অ্যানিমেটেড চরিত্রকে কনসার্টের মঞ্চে উপস্থাপন করা হবে। প্রযুক্তি, লাইভ পারফরম্যান্স, নাচ ও সিনেমার জনপ্রিয় গান মিলিয়ে সাজানো হবে আয়োজন। পাশাপাশি দর্শকেরা দেখতে পাবেন অ্যানিমেটেড সাজা বয়েজ ও জনপ্রিয় চরিত্র ডার্পি টাইগারকেও।

নেটফ্লিক্সের প্রধান বিপণন কর্মকর্তা মারিয়ান লি বলেন, সিনেমাটি স্ট্রিমিংয়ের জনপ্রিয়তা ছাড়িয়ে বিশ্বজুড়ে সাংস্কৃতিক আলোচনার অংশ হয়ে উঠেছে। টানা ৬৩ সপ্তাহ নেটফ্লিক্সের গ্লোবাল টপ টেনে অবস্থান করছে এটি। সিনেমাটির জনপ্রিয় গান ‘গোল্ডেন’ স্পটিফাইয়ে দুই বিলিয়নের বেশি স্ট্রিম পেয়েছে।

২০২৭ সালের ৫জুন বাল্টিমোরের সিএফজি ব্যাংক অ্যারেনায় শুরু হবে উত্তর আমেরিকা পর্ব। এরপর নিউইয়র্ক, শিকাগো, আটলান্টা, ডালাসসহ বিভিন্ন শহরে পরিবেশনা হবে। কানাডার হ্যামিল্টনেও দুটি শো অনুষ্ঠিত হবে। ৩০ ও ৩১ জুলাই লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো ডটকম অ্যারেনায় তিনটি পরিবেশনার পরিকল্পনা রয়েছে। ১৪ আগস্ট টাকোমা ডোমে শেষ হবে উত্তর আমেরিকা পর্ব।

ইউরোপ পর্ব শুরু হবে ২০২৭ সালের ১সেপ্টেম্বর সুইজারল্যান্ডের জুরিখে। এরপর মিলান, আমস্টারডাম, ভিয়েনা,বার্লিন,হামবুর্গ, কোপেনহেগেন, অসলো, কোলন, ব্রাসেলস, প্যারিস ও ডাবলিনে অনুষ্ঠিত হবে কনসার্ট। যুক্তরাজ্যে গ্লাসগো , বার্মিংহাম ও ম্যানচেস্টারের পর ২২ ও ২৩ অক্টোবর লন্ডনের দ্য ওটুতে তিনটি পরিবেশনার মধ্য দিয়ে ঘোষিত ইউরোপ পর্ব শেষ হবে।

এশিয়া-প্যাসিফিক ও লাতিন আমেরিকার শহরগুলোর নাম এখনো ঘোষণা করা হয়নি। ২০২৮ সাল পর্যন্ত ট্যুর সম্প্রসারিত হওয়ার সঙ্গে সঙ্গে নতুন তারিখ ও ভেন্যুর তথ্য প্রকাশ করবে আয়োজকেরা।

ট্যুরটির সৃজনশীল পরিচালনার দায়িত্বে থাকছেন অ্যামি টিঙ্কহাম। লাইভ বিনোদন জগতে তার ২৫ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে। ডিজনির ‘ডিসেনড্যান্টস/জম্বিজ: ওয়ার্ল্ডস কলাইড ট্যুর’, সার্ক দ্যু সোলেইয়ের ‘সংব্লেজার্স’ এবং অ্যারোস্মিথের ‘পিস আউট’ ট্যুরসহ বিভিন্ন বড় আয়োজনে কাজ করেছেন তিনি।

২০২৫ সালের ২০ জুন নেটফ্লিক্সে মুক্তি পায় ‘কেপপ ডেমন হান্টার্স’। মুক্তির পর ব্যাপক জনপ্রিয়তা পাওয়া সিনেমাটি নেটফ্লিক্সের ইতিহাসে সবচেয়ে বেশি দেখা চলচ্চিত্রে পরিণত হয়েছে। এর দর্শকসংখ্যা ৬৭ কোটি ছাড়িয়েছে। সিনেমাটি অস্কার, গোল্ডেন গ্লোব ও ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডসে সেরা অ্যানিমেটেড চলচ্চিত্রের স্বীকৃতি পেয়েছে। অন্যদিকে, এর জনপ্রিয় গান ‘গোল্ডেন’ অস্কার ও গ্র্যামি-দুই পুরস্কারই অর্জন করেছে।

সিনেমাটির সাউন্ডট্র্যাক বিলবোর্ড হট ১০০ চার্টের সেরা দশে একই সময়ে চারটি গান স্থান পাওয়ার রেকর্ডও গড়েছে। বিশ্বজুড়ে গানগুলোর মোট স্ট্রিমের সংখ্যা ১৫ বিলিয়ন ছাড়িয়েছে। দ্য স্টেটসম্যান

বিষয়:কেপপ ডেমন হান্টার্স গোল্ডেন ওয়ার্ল্ড ট্যুর নেটফ্লিক্স স্ট্রিম হান্ট্রিক্স

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…