অবশেষে নেপাল ক্রিকেটে স্বস্তির খবর। টি-টুয়েন্টি বিশ্বকাপে নেপালের হয়ে বাংলাদেশ ও সাউথ আফ্রিকার বিপক্ষে গ্রুপপর্বের শেষ দুটি ম্যাচ খেলবেন তারকা লেগ স্পিনার সন্দীপ লামিচানে।
ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল (সিএএন) সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ‘চলতি টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলতে লামিচানে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে দেশ ছেড়ে যাবেন। সেখানে দলের সঙ্গে যোগ দেবেন।’
ধর্ষণ মামলা থেকে খালাস পাওয়া লামিচানের যেহেতু যুক্তরাষ্ট্রের ভিসা মেলেনি, তাই সেখানে খেলতে না পারলেও ওয়েস্ট ইন্ডিজে দলের সঙ্গে যোগ দিতে বাধা নেই তার। দুবার চেষ্টা করেও যুক্তরাষ্ট্রের ভিসা পাননি ২৩ বর্ষী স্পিনার।
প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের কাছে ৬ উইকেটে হেরেছে নেপাল। বুধবার ফ্লোরিডায় দ্বিতীয়টিতে মুখোমুখি হবে শ্রীলঙ্কার। বাংলাদেশের বিপক্ষে নেপালের ম্যাচ ১৭ জুন, তার দুদিন আগে তাদের প্রতিপক্ষ সাউথ আফ্রিকা। দুটি ম্যাচই হবে সেন্ট ভিনসেন্টে।







