নেপালে ভয়াবহ বন্যার মধ্যে চারদিক থেকে ধেয়ে আসা তীব্র কাদাপানির স্রোতের মাঝে একটি বাড়িতে কয়েকজন আটকা পড়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। পরে পানির স্রোত কমলে তাদের নিরাপদে উদ্ধার করা হয়।
বিবিসি ভেরিফাই জানিয়েছে, ভিডিওটি নেপালের ত্রিশূলী নদীর আশপাশের এলাকার। বন্যার সময় একটি হালকা সবুজ রঙের বাড়ির দোতলার বারান্দায় কয়েকজন আটকা পড়েছিলেন। চারপাশের প্রবল স্রোতের কারণে বাড়িটি যেকোনো সময় ভেসে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল।
ভিডিওতে অন্তত তিনজনকে দেখা যায়। তাদের মধ্যে একজন পুরুষ, একজন নারী ও একটি শিশু রয়েছে। শিশুটিকে ছোট মেয়ে বলে মনে হয়েছে। বাড়ির ছাদে থাকা এক নারীকে সাহায্যের আশায় লাল কাপড় নাড়তেও দেখা যায়।
বাড়িটির চারপাশ দিয়ে তখন প্রচণ্ড গতিতে কাদামাটির স্রোত বয়ে যাচ্ছিল। স্রোতের সঙ্গে বড় পাথর, বিভিন্ন ধরনের ধ্বংসাবশেষ ও বাড়িঘরের টিনের চাল ভেসে আসছিল। এসব ধ্বংসাবশেষ বারবার বাড়িটিতে আঘাত করছিল। এমন পরিস্থিতিতে বারান্দায় থাকা ব্যক্তিদের আতঙ্কিত অবস্থায় বাইরে তাকিয়ে থাকতে দেখা যায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ওই পরিবারের পরবর্তী পরিস্থিতি দেখা যায়নি। তবে বিবিসি ভেরিফাই জানিয়েছে, পরে বন্যার পানির স্রোত কমে গেলে স্থানীয় লোকজন বাড়িটিতে পৌঁছে তাদের উদ্ধার করেন। তাদের সবাই অক্ষত ছিলেন।
আন্তর্জাতিক বিষয়ক বিশ্লেষক এরিক চেন ভিডিওটির দৃশ্যকে সাম্প্রতিক সময়ের অন্যতম হৃদয়বিদারক দৃশ্য হিসেবে উল্লেখ করেছেন। তার ভাষ্য, চারপাশের সবকিছু ধ্বংস করে দেওয়া প্রবল স্রোতের মধ্যেও বাড়িটি দাঁড়িয়ে ছিল এবং ভেতরে থাকা মানুষগুলো বারান্দা ও ছাদে কোনোভাবে টিকে থাকার চেষ্টা করছিলেন।
তবে ভিডিওতে দেখা পরিবারটির পরিচয় প্রকাশ করেনি বিবিসি ভেরিফাই।









