ফুটবল

আবারও ছাদখোলা বাসের কথা স্মরণ করালেন সানজিদা

বাংলাদেশ নারী ফুটবল দল ট্রফি নিয়ে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ নারী ফুটবল দল ট্রফি নিয়ে উল্লাস করছে, বিজয় উদযাপন করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে গত আসরে ফাইনালে নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথম শিরোপার স্বাদ পেয়েছিল বাংলাদেশ। চ্যাম্পিয়ন হয়ে বীরের বেশে দেশে ফেরে লাল-সবুজের দল। ছাদখোলা বাসে বিমানবন্দর থেকে চ্যাম্পিয়নদের আনা হয় বাফুফে ভবনে। এবারও শিরোপা নির্ধারণী মঞ্চে প্রতিপক্ষ নেপাল। স্বাগতিকদের মাঠে শিরোপামঞ্চে নামার আগে আবারও সেই স্মৃতি ফেরানোর কথা বললেন সানজিদা আক্তার। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট আশার কথা বলেছেন তারকা ফরোয়ার্ড।

কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে বুধবার মুকুট ধরে রাখার অভিযানে স্বাগতিক নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ৭টায় শুরু হবে মাঠের লড়াই।

মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে সানজিদা লিখেছেন, ‘২০২২ সালে ছাদখোলা বাসে উদযাপন করার এই দৃশ্য দেখাটা দেশবাসীর জন্য যেমন ছিলো প্রথম, আমাদের জন্যও ছিলো অসাধারণ এক অনুভূতি। আমাদের আবেগকে সম্মান দেখিয়ে রাতারাতি যে আয়োজন করা হয়েছিলো, একইসাথে তপ্তরোদে দেশের ফুটবলপ্রেমী মানুষ রাস্তার চারপাশে দাঁড়িয়ে থাকার দৃশ্য আমাদেরকে আন্দোলিত করেছে।’

‘আগেরবার যেটি ছিলো প্রথমবার অর্জনের চেষ্টা, সেটিই এবার ধরে রাখার মিশন। দায়িত্ব বেড়েছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের কাজই এটা। স্বাগতিক প্রতিপক্ষ, সেই প্রতিপক্ষের মাঠ, আবার সেই প্রতিপক্ষের চেনা দর্শকদের সামনে আমরা খেলতে যাচ্ছি। অবশ্যই সেটি আমাদের জন্য চ্যালেঞ্জের। তবে আমরা সদা আত্মবিশ্বাসী ও দেশমাতৃকার নিকট প্রতিজ্ঞাবদ্ধ।’

‘দেশের সংস্কার ও নতুন জাগ্রত কর্মকাণ্ডের প্রেষণা দিতে আমাদের ভালো করাটা গুরুত্বপূর্ণ। ট্রফি ধরে রাখার মিশন ও দেশবাসীকে আরেকবার উদযাপনের উপলক্ষ হতে আমরা এটি জিততে চাই। আর সেটি আমরা করে দেখাবো ইনশাআল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন।’

সাউথ এশিয়ার মেয়েদের ফুটবলে শ্রেষ্ঠত্বের মুকুট প্রথমবার জিততে মরিয়া নেপালও, অন্যদিকে টানা দ্বিতীয়বার ট্রফিটির স্বাদ পেতে উন্মুখ বাংলাদেশ।

বিষয়:নেপাল বাফুফে বাংলাদেশ মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ লিটু সানজিদা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…