আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ। মালদ্বীপ-ভুটান ম্যাচের উপর নির্ভর করছিল গ্রুপ সেরা হওয়া। ম্যাচটি ড্র হওয়ায় ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েই সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিতে উঠেছে লাল-সবুজ দল। মালদ্বীপ দুই পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ। সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল।
অরুণাচলের ইউপিয়ার গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে শুক্রবার বাংলাদেশ সময় বিকেল ৪টায় নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। একই ভেন্যুতে সন্ধ্যায় আরেক সেমিফাইনালে স্বাগতিক ভারত লড়বে মালদ্বীপের বিপক্ষে। টুর্নামেন্টের ফাইনাল ১৮ মে।
ড্রয়ের হতাশা দিয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করা বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে ভুটানকে উড়িয়ে দিয়েছিল ৩-০ গোলে। দুই ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের সেরা হয়েছে বাংলাদেশ। ২ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ মালদ্বীপ। তলানিতে থেকে ছিটকে গেছে ভুটান।
‘বি’ গ্রুপের সেরা হওয়ার লড়াইয়ে নেপালকে ৪-০ গোলে হারিয়েছে ভারত। টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেরা চারে জায়গা করে নিয়েছে স্বাগতিকরা। ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ নেপাল।







