ভারতের সাতলুজ জল বিদ্যুৎ নিগম (এসজেভিএন) লিমিটেডকে দেশে একটি দ্বিতীয় জলবিদ্যুৎ প্রকল্প তৈরি করার অনুমতি দিয়েছে নেপাল। বর্তমানে এসজেভিএন একটি ৯০০ মেগাওয়াট অরুণ- ৩ জলবিদ্যুৎ প্রকল্প তৈরি করছে। এই প্রকল্প পূর্ব নেপালের অরুণ নদীর উপর অবস্থিত একটি রান-অব-রিভার যা ২০২৪ সাল নাগাদ শেষ হওয়ার কথা রয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
রোববার (২৯ মে) নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহল প্রচণ্ডে এর সভাপতিত্বে বিনিয়োগ বোর্ড একটি বৈঠকে ৬৬৯ মেগাওয়াট লোয়ার অরুণ হাইড্রোপাওয়ারের উন্নয়নের জন্য ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন এসজেভিএন-এর সাথে স্বাক্ষরিত প্রকল্প উন্নয়ন চুক্তির (পিডিএ) খসড়া অনুমোদন করেছেন।
গত বুধবার থেকে নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহল প্রচণ্ডের ভারত সফর শুরু হওয়ার আগে এই নতুন জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে আলোচনা শুরু হয়। আইবিএন এর আগের সভায় জলবিদ্যুৎ প্রকল্পটির উন্নয়নে ৯২ দশমিক ৬৮ বিলিয়ন রুপি বিনিয়োগের অনুমোদন দেয়া হয়েছিল।
আইবিএনের এক বিবৃতিতে বলা হয়েছে, ৬৬৯ মেগাওয়াট প্রকল্পের উন্নয়ন দেশের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য একটি মাইলফলক হিসাবে প্রমাণিত হবে। ভারতের সাতলুজ জল বিদ্যুৎ নিগম লিমিটেড (এসজেভিএন) নেপালে লোয়ার অরুণ পাওয়ার ডেভেলপমেন্ট কোম্পানি নামে একটি স্থানীয় কোম্পানি গঠন করেছে।
শঙ্খুয়াসভা এবং ভোজপুর জেলায় অবস্থিত লোয়ার অরুণ প্রকল্পে কোনো জলাধার বা বাঁধ থাকবে না এবং এটি অরুণ-৩ এর একটি একক উন্নয়ন হবে।
৯০০ মেগাওয়াট অরুণ-৩ এবং ৬৯৫মেগাওয়াট অরুণ-৪ জলবিদ্যুৎ প্রকল্পের পর অরুণ নদীর উপর এটি তৃতীয় প্রকল্প গৃহীত হয়েছে। দ্য কাঠমান্ডু পোস্ট পত্রিকার খবরে বলা হয়েছে, তিনটি প্রকল্পে সাংখুয়াসভা জেলায় নদী থেকে প্রায় ২ হাজার ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে।







