নেপালের পোখারা বিমানবন্দর সংলগ্ন এলাকায় ৭২ আরোহী নিয়ে একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। সর্বশেষ পাওয়া তথ্য মতে, এখন পর্যন্ত ৪০ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
বিবিসি জানায়, রবিবার সকালে উড়োজাহাজটি নেপালের রাজধানী কাঠমন্ডু থেকে পর্যটন এলাকা পোখারা যাচ্ছিল। অবতরণের সময় এটি বিধ্বস্ত হয় এবং সাথে সাথে এতে আগুন ধরে যায়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যাচ্ছে উড়োজাহাজটি অবতরণের আগে জনবসতিপূর্ণ এলাকায় অনেকটা নিচ দিয়ে যাচ্ছিল। এছাড়া উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার সাথে সাথে আগুন ধরে যায়, আর ভিডিওটিতে কালো ধোঁয়া দেখা যায়।
#Nepal
72 passengers were on board. Plane crash at Pokhra International Airport. pic.twitter.com/igBoObcCDm— Aishwarya Paliwal (@AishPaliwal) January 15, 2023
উড়োজাহাজটিতে অন্তত ১৫ জন বিদেশী যাত্রীসহ ৬৮ যাত্রী ছিল। এছাড়াও এতে চারজন ক্রু মেম্বার ছিলেন।
পোখারা বিমানবন্দর থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে দুর্ঘটনাস্থল সেতি নদীর ঘাট এলাকায় উদ্ধার অভিযান চলছে। এতে প্রায় ২০০ নেপালি সেনাবাহিনী অংশ নিয়েছেন।
সেনাবাহিনীর এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, ‘উড়োজাহাজটি টুকরো টুকরো হয়ে গেছে। আমরা আরও মৃতদেহ পাওয়ার আশঙ্কা করছি।’
উড়োজাহাজ বিধ্বস্তের পর নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কামাল দাহাল জরুরি মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন। এছাড়াও তিনি রাষ্ট্রীয় সংস্থাগুলোকে উদ্ধার অভিযানে সহযোগিতা করার জন্য অনুরোধ করেছেন।








