বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, কার্যকর সংসদ গঠন, সংস্কার প্রক্রিয়া এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বুধবার (২২ জুলাই) বৈঠক শেষে এনসিপির আন্তর্জাতিক সেলের প্রধান আলাউদ্দিন মোহাম্মদ এবং দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এ তথ্য জানান।
আলাউদ্দিন মোহাম্মদ বলেন, বৈঠকে কার্যকর সংসদ প্রতিষ্ঠা ও প্রয়োজনীয় সংস্কার নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বিভিন্ন চুক্তির ভবিষ্যৎ নিয়েও মতবিনিময় করা হয়েছে। তিনি আরও বলেন, গণভোটের রায় অনুযায়ী নতুন বাংলাদেশ বিনির্মাণ এবং সেই লক্ষ্যে সংস্কার বাস্তবায়নের বিষয়েও আলোচনা হয়েছে।
এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া জানান, বৈঠকে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা হয়েছে। একই সঙ্গে সংস্কার কার্যক্রম বাস্তবায়নে সম্ভাব্য সহযোগিতার বিষয়ও আলোচনায় উঠে আসে।







