মাত্র ৪৫ এ চলে গেলেন অস্ট্রেলিয়ান তারকা অভিনেত্রী র্যাচেল কারপানি। সোমবার (১৫ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের ম্যাগাজিন পিপলের প্রতিবেদন অনুযায়ী, র্যাচেল কারপানির বোন জর্জিয়া তাদের মা ও বাবার বরাতে সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে একটি বিবৃতি দিয়েছেন। সেখানে জানানো হয়েছে, দীর্ঘস্থায়ী অসুস্থতার জন্য মৃত্যু হয়েছে তার।
বিবৃতিতে বলা হয়েছে, অত্যন্ত দুঃখের সঙ্গে টনি ও গেল কারপানি ঘোষণা করছেন যে, তাদের সুন্দরী কন্যা, অস্ট্রেলিয়ান অভিনেত্রী র্যাচেল কারপানি দীর্ঘস্থায়ী অসুস্থার সঙ্গে লড়াইয়ের পর গত ৭ ডিসেম্বর ভোরে মারা গেছেন। তার শেষকৃত্য আগামী ১৯ ডিসেম্বর পরিবার ও বন্ধুদের সঙ্গে অনুষ্ঠিত হবে।
২০০১ এবং ২০০৯ সালে অস্ট্রেলিয়ান সিরিজ ‘ম্যাকলিওডস ডটার্স’-এ জোডি ফাউন্টেনের চরিত্রে অভিনয়ের জন্য তারকা খ্যাতি লাভ করেন র্যাচেল কারপানি। আইএমডিবি বলছে, কয়েকটি মার্কিন শো এবং সিনেমায়ও অভিনয় করেছেন তিনি। ২০০৯ সালে ট্রায়াঙ্গেল সিনেমায় লিয়াম হেমসওয়ার্থের সঙ্গে অভিনয় করেছেন তিনি। –পিপল ডটকম







