নজরুল ও খৈয়ামকে নিয়ে ইউনেস্কোর মঞ্চে দেশের প্রতিনিধি ড. মুমিত

নিশাপুরের কবি ওমর খৈয়ামের রুবাইয়াত কীভাবে কাজী নজরুল ইসলামের অনুবাদ ও গানে নতুন ভাষা ও সুর পেয়েছে? বাংলা ও ফারসি সাহিত্যের সেই যোগসূত্র এবার আন্তর্জাতিক পরিসরে তুলে ধরবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মুমিত আল রশিদ।
প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তরে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক সম্মেলনে নজরুলের অনুবাদ ও গানে খৈয়ামের প্রভাব নিয়ে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করবেন তিনি। এতে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিদের সামনে বাংলা সাহিত্য ও সংস্কৃতির সমৃদ্ধ ঐতিহ্য তুলে ধরার সুযোগ তৈরি হচ্ছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ড. মুমিত উপস্থাপন করবেন ‘নিশাপুর থেকে ঢাকা: কাজী নজরুল ইসলামের অনুবাদ ও গানে খৈয়ামের রুবাইয়াতের প্রতিধ্বনি’ শীর্ষক গবেষণা প্রবন্ধ। এর আগে সোমবার (২৩ নভেম্বর) একই সম্মেলনে তিনি উপস্থাপন করেন ‘ইবনে সিনা: বাংলাদেশে বিশ্বস্ততার মুখচ্ছবি ও প্রতীক’ শীর্ষক আরেকটি প্রবন্ধ। সম্মেলনে বাংলাদেশ ছাড়াও ফ্রান্স, তাজিকিস্তান, ইরান, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, জার্মানি, নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।
এর আগে ২০২৫ সালের জুনে প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তরে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও পারস্যের কবি হাফিজ শিরাজিকে নিয়ে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেছিলেন ড. মুমিত। এবার তার গবেষণার কেন্দ্রে থাকছেন পারস্যের আরেক প্রভাবশালী কবি ওমর খৈয়াম। নজরুলের অনুবাদ ও গানের মধ্য দিয়ে খৈয়ামের রুবাইয়াত কীভাবে বাংলা ভাষা ও সংস্কৃতিতে প্রবেশ করেছে, সেই সাহিত্যিক সম্পর্কই তুলে ধরবেন তিনি।
বাংলাদেশের কবি, সাহিত্যিক ও সংস্কৃতিকে আন্তর্জাতিক পরিসরে পরিচিত করাই ড. মুমিতের গবেষণার অন্যতম লক্ষ্য। ফারসি ভাষায় তুলনামূলক সাহিত্যচর্চার মাধ্যমে তিনি নজরুলের পাশাপাশি লালন, হাছন রাজা, আব্দুল করিম বাউল, জীবনানন্দ দাশ, মাইকেল মধুসূদন দত্ত ও হেলাল হাফিজের সাহিত্যকর্মও তুলে ধরেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান ড. মুমিত আল রশিদের জন্ম শরীয়তপুরের নড়িয়া উপজেলার নশাসন ইউনিয়নের পুরানকান্দি গ্রামের ফকিরবাড়িতে। ২০১৯ সালে ইরানের তারবিয়্যাত মোদাররেস বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অর্জন করেন তিনি। বাংলা, ইংরেজি ও ফারসি ভাষায় দেশে-বিদেশে প্রকাশিত হয়েছে তার ২৮টি গবেষণা প্রবন্ধ। ফ্রান্স, স্পেন, চীন, অস্ট্রেলিয়া, ইরান, তুরস্ক, আজারবাইজান, তাজিকিস্তান ও ভারতসহ বিভিন্ন দেশের সাময়িকী ও গবেষণা প্রকাশনায় স্থান পেয়েছে তার কাজ।
খৈয়ামের বাংলা অনুবাদ নিয়েও দীর্ঘদিন ধরে গবেষণা করছেন ড. মুমিত। ইরানের ন্যাশনাল লাইব্রেরি অ্যান্ড আর্কাইভস থেকে ফারসি ভাষায় প্রকাশিত ‘Bengali Translations of Khayyam’s Quatrains and Their Challenges’ শীর্ষক গবেষণা প্রবন্ধের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিনস অ্যাওয়ার্ড ২০২৫ পান তিনি। ২০২৩ সালের আন্তর্জাতিক প্রবন্ধ বিভাগে এই স্বীকৃতি দেওয়া হয়।
ফারসি সাহিত্য ও চলচ্চিত্রের সেতুবন্ধন
গবেষণার পাশাপাশি অনুবাদ ও চলচ্চিত্রের মাধ্যমেও বাংলা ভাষাভাষী পাঠক-দর্শকের কাছে ইরানের সাহিত্য ও সংস্কৃতি পৌঁছে দিচ্ছেন ড. মুমিত। মূল ফারসি ভাষা থেকে বাংলায় অনুবাদ করেছেন ইরানের ৪০টি চলচ্চিত্র ও ছয়টি জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক। এগুলোর মধ্যে রয়েছে ‘ইউসুফ-জুলেখা’, ‘আসহাবে-কাহাফ’, ‘কারবালা কাহিনি’, ‘বিবি মরিয়ম’, ‘ইসা নবি’ ও ‘শেহেরজাদ ফরহাদ’।
তার উদ্যোগে ২০১৮ সালে বাংলাদেশে প্রথমবারের মতো একটি ইরানি চলচ্চিত্রের শুটিং হয়। নার্গিস অবিয়ারের পরিচালনায় নির্মিত ছবিটির নাম ‘শাবি কে মহ কমেল শোদ’। এ ছাড়া ‘দিন দ্য ডে’ চলচ্চিত্রের ইরানি অংশের উপদেষ্টা এবং জয়া আহসান অভিনীত ইরানি চলচ্চিত্র ‘ফেরেশতে’র চিত্রনাট্যকার ও উপদেষ্টা হিসেবে কাজ করেছেন তিনি। ২০২৩ সালে ভারতের গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং ২০২৪ সালে ইরানের ফজর ও ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় ‘ফেরেশতে’। একই বছর ১৮ ফেব্রুয়ারি চলচ্চিত্রটি ইরানের জাতীয় পুরস্কার লাভ করে।
রোহিঙ্গাদের নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘শারমে বুদা’ ফারসি থেকে বাংলায় অনুবাদ করেছেন তিনি। ২০১৮ সালে ইরানের ফজর চলচ্চিত্র উৎসবের ৩৬তম আসরে প্রদর্শিত হয় ছবিটি।
প্রকাশিত হয়েছে ২১টি বই
ফারসি ভাষা, সাহিত্য ও সংস্কৃতি নিয়ে ড. মুমিতের প্রকাশিত গ্রন্থের সংখ্যা ২১। ভ্রমণ, লোকসংস্কৃতি, ব্যাকরণ, কথাসাহিত্য, চলচ্চিত্র ও প্রবাদ-প্রবচনসহ নানা বিষয়ে লিখেছেন তিনি। তার উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে ‘ইরানের পথে-প্রান্তরে’, ‘পারস্যের লোকজসংস্কৃতি ও উৎসব’, ‘ফারসি ব্যাকরণ শিক্ষা’, ‘ফারসি ব্যাকরণের সহজপাঠ’, ‘বাঙালির নেতৃত্ব: পারস্য কথন ও সংগঠন’, ‘মটকা ও দামেস্কের দিনলিপি’ এবং ‘ইরানি প্রেমের গল্প’।
ইরানি চলচ্চিত্র নিয়েও একাধিক বই লিখেছেন তিনি। এর মধ্যে রয়েছে ‘গাভ দ্য কাউ’, ‘অ্যা সেপারেশন’, ‘দ্য সাইক্লিস্ট’, ‘চিলড্রেন অফ হ্যাভেন’, ‘হোয়্যার ইজ দ্য ফ্রেন্ডস হাউস’ ও ‘এ কিউব অফ সুগার’। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে প্রকাশিত হয়েছে তার প্রবাদ-প্রবচন বিষয়ক গ্রন্থ ‘মাজমাউল আমসাল’।






