বিনোদন

আমাকে প্রধান ভেবে চরিত্র তৈরি হচ্ছে: জয়

ওটিটিতে কাজ করে তৃপ্ত জয়

চরিত্র জয়ের ছবি, বাংলাদেশি যুবক বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চরিত্র জয় একজন বাংলাদেশি যুবক, তিনি বসে আছেন একটি আধুনিক অফিস পরিবেশে, মনোযোগী ও আত্মবিশ্বাসী।. Channel i News – চ্যানেল আই নিউজ

শূন্য দশক পরবর্তী জাহিদ হাসান, মীর সাব্বির, জিতু আহসানদের সঙ্গে অভিনয় করে টিভিপর্দার শীর্ষ অভিনেতাদের একজন হয়ে উঠেছিলেন শাহরিয়ার নাজিম জয়। বহু নাটক তাকে তারকাখ্যাতি এনে দেয়, তখন জয় হয়ে উঠেন তুমুল জনপ্রিয় অভিনেতাদের একজন। পরে চলচ্চিত্রে আসেন।

কিছু বড়পর্দায় অভিনয় করলেও ওভাবে সুবিধা করতে পারেননি জয়। এরপর চলচ্চিত্র ও নাট্য নির্মাতা হিসেবে কাজ করেন। হঠাৎ শুরু করেন উপস্থাপনা। জয়ের নিভু নিভু ক্যারিয়ারে উপস্থাপনার কাজটি লটারির মতো লেগে যায়! এরপর তিনি শেষ পাঁচ বছর ধরে ‘সেন্স অব হিউমার’, ‘লাভ এন্ড সরো’, ‘উইথ নাজিম জয় শো’, চ্যানেল আইয়ের ৩০০ সেকেন্ড, ১৩টি প্রশ্নসহ বিভিন্ন অনুষ্ঠানের উপস্থাপনা দিয়ে আলোচিত সমালোচিত হন।

উপস্থাপনায় নিয়মিত হলেও মাঝেমধ্যে অভিনয় চালিয়ে যাচ্ছেন জয়। বিশেষ করে ওটিটি-তে তার অভিনয় ‘সাত নাম্বার ফ্লোর’ এবং ‘গুটি’ কনটেন্ট দুটি দিয়ে আবার অভিনেতা হিসেবে আলোচনায় আসেন তিনি। জয়ের ভাষ্য, মূলত আমি অভিনেতা। যাই করি অভিনয়ের প্রতি টান সবসময় থাকে।

সম্প্রতি মোস্তফা সরায়ার ফারুকীর একটি ওয়েবে অভিনয় করেছেন জয়। যেটি মুক্তির অপেক্ষায় আছে। বর্তমানে আলোক হাসান পরিচালিত ‘ত্রিভুজ’ নামে একটি ওয়েব ফিল্মের শুটিং করছেন তিনি। চ্যানেল আই অনলাইনকে জয় বলেন, ওয়েবে কাজ করে তৃপ্তি পাচ্ছি। আমাকে সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে। এজন্য ভালো গল্প চরিত্র পেলে ওয়েবে কাজ করছি। সামনে হয়তো সিনেমা করবো। আনুষ্ঠানিক ঘোষণার আগ পর্যন্ত বলতে বারণ আছে।

”উপস্থাপনায় আমি নিজেকে যে জায়গায় নিয়ে গিয়েছি এতে ব্যক্তিগত আমি হ্যাপি। এর মধ্যে বহু অভিনয়ের অফার আসছে। কিন্তু সব কাজ করছি না। কারণ, সব কাজ আমার সঙ্গে যায় না। বেছে বেছে ভালো ওটিটি প্ল্যাটফর্মের কাজগুলোতে থাকার চেষ্টা করছি। এখনো অভিনেতা জয়কে ভেবে প্রধান চরিত্রে রাখা হচ্ছে। এখনকার বড় বড় ওটিটির কাজগুলোতে অন্যতম প্রধান চরিত্র করা হচ্ছে। এটি আমার কাছে অত্যন্ত সম্মানের বিষয়।”

সাজু মুনতাসিরের প্রযোজনায় ১৯৫২ এন্টারটেনমেন্টের ব্যানারে তারকা বহুল ‘ত্রিভুজ’-এ আরও অভিনয় করছেন ইমতিয়াজ বর্ষণ, সোহেল মণ্ডল, উর্মিলা শ্রাবন্তী কর, আনিকা কবির শখ, ফারিন খান, মৌসুমি মৌ। পরিচালক আলোক হাসান বলেন, এ গল্পে রেসপেক্ট নীতি-নৈতিকতা উঠে আসবে। প্রত্যেক মানুষের ভালোবাসার ক্ষুধা আছে, সেই ক্ষুধার বিষয়টিও আসবে। যারা অভিনয় করছেন তারা প্রত্যেকেই দারুণভাবে কাজ করছেন।

প্রযোজক সাজু মুনতাসির বলেন, শত শত নাটক নির্মাণ করেছি, যা দর্শক পছন্দ করেছে। নতুন এই ওয়েব কনটেন্টটি বড় পরিসরে নির্মাণ করা হচ্ছে। আগামীতে ‘ত্রিভুজ’ একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দেয়া হবে। আমি আসলে সবসময় সততা এবং দায়িত্ববোধ থেকে কাজগুলো করার চেষ্টা করি। এভাবে ভালো ভালো কনটেন্ট প্রযোজনা করে ইন্ডাস্ট্রিকে সমৃদ্ধ করতে চাই। দর্শকরা আমার কাজের প্রতি আস্থাশীল। আমি তাদের কাছে সবসময় কৃতজ্ঞ।

বিষয়:আনিকা কবির শখ আলোক হাসান উর্মিলা শ্রাবন্তি কর ওয়েব ফিল্ম শাহরিয়ার নাজিম জয় সাজু মুনতাসির

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…