শুটিংয়ে এতটাই মনোযোগী ছিলেন যে অভিনেত্রী কাজী নওশাবা আহমেদের শরীরে আগুন লেগে গিয়েছিল! কিন্তু তিনি শুরুতে টের পাননি। পরে শুটিং সেট থেকে তাকে এক সহকর্মী রক্ষা করেছিলেন। নুহাশ হুমায়ূন পরিচালিত ’২ষ’ এর নতুন পর্ব ’অন্তরা’র শুটিংয়ে এ ঘটনা ঘটে।
’অন্তরা’ মুক্তির আগে এমন অভিজ্ঞতার কথা জানিয়েছেন নওশাবা বলেন, শুটিংয়ের পাশেই আগুন জ্বলছিল। আমি অভিনয়ে এতটাই ঢুকে গিয়েছিলাম যে, শাড়িতে কখন আগুন লেগে গেছে টেরই পাইনি।
‘একটা সময় আগুনের ফুলকি আমার শরীরে লাগা শুরু করলে তখন আমি বুঝতে পারলাম। শরীরের কয়েকজায়গায় পুড়েও যায় আমার। আগুনটি নিভিয়েছে এক সহকর্মী। তার কাছে আমি কৃতজ্ঞ, কারণ তিনিই বিষয়টা প্রথম লক্ষ্য করেছেন এবং আগুন নেভাতে এগিয়ে এসেছেন।’
সম্প্রতি ’২ষ’ এর নতুন পর্ব ’অন্তরা’র ট্রেইলার প্রকাশ পেয়েছে। সেখানে দুটি চরিত্রকে গুরুত্বের সঙ্গে পাওয়া গেছে। তাদের একজন নওশাবা, তিনি অভিনয় করেছেন অন্তরা চরিত্রে। অন্যজন, আফজাল হোসেন। তার নাম শোনা না গেলেও তাকে নিয়ে প্রশ্ন অনেক।
ট্রেইলারের মন্তব্যের ঘরে অনেকেই জানাচ্ছেন তাদের মতামত। অনেকেই ’২ষ’ সিরিজের বিষয়বস্তুর প্রশংসা করেছেন এবং ’অন্তরা’ পর্বটি দেখার জন্য অপেক্ষার কথা জানিয়েছেন।
জানুয়ারি রাত ১২টায় চরকি প্ল্যাটফর্মে প্রকাশ পেয়েছে ’অন্তরা’।
নতুন বছরের প্রথম কনটেন্ট হিসেবে এটি দেখতে যাচ্ছেন দর্শকরা। ’২ষ’ সিরিজের তৃতীয় পর্ব এটি। নির্মাতা নুহাশ আগেই জানিয়েছিলেন, অতিপ্রাকৃতিক বিবাহিত জীবন নিয়ে গড়ে উঠেছে ’অন্তরা’–এর গল্প।
নুহাশ নির্মিত প্রথম সিজন ’পেট কাটা ষ’–তে অভিনয় করেছিলেন নওশাবা। সিরিজে ’মিষ্টি কিছু’ নামের পর্বে তাকে দেখা যায়।
নওশাবা জানান, সেই পর্বের একটা ধারাবাহিকতা আছে ’অন্তরা’ গল্পে। নতুন পর্বে তার চরিত্রটি রহস্যময়, যা ট্রেইলার দেখে অনুমান করা যায়। সেই রহস্যটা ভাঙতে চাননি অভিনেত্রী। বলেন, ’চরিত্রটা তো একটা জার্নি। এর মধ্যে নানাকিছু থাকে। ভাষায় প্রকাশ করা কঠিন হয়ে যায়।’
এরইমধ্যে সিরিজটির দুটি পর্ব প্রকাশ পেয়ে গেছে। বাকি থাকবে ’বেসুরা’। ’২ষ’ হরর ঘরানার সিরিজ হলেও মূলত সাইকোলজিকাল হরর বলে জানান নুহাশ। এখানে তিনি চেষ্টা করেছেন সমাজ ও ব্যক্তির সেইসব বিষয়কে তুলে আনার, যা বর্তমান সময়ের দৈনন্দিন জীবনে ভয়ের সৃষ্টি করছে।
নির্মাতা নুহাশ বলেন, ’আমরা বলছি, ভূত-প্রেত নাকি মানুষ, কিসে বেশি ভয়? অন্ধকারের ভূতের চেয়ে সমাজের অনেক ইস্যু আমাদের মধ্যে বেশি ভয়ের সৃষ্টি করছে। ’২ষ’–এ সেটাই বলার চেষ্টা করেছি।’








