জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডার কাণ্ড

সংগৃহীত
ক্যালেন্ডার প্রকাশ করতে গিয়ে ইতিহাসই পাল্টে দিল জাতীয় বিশ্ববিদ্যালয়! সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়াকে উল্লেখ করা হয়েছে শেখ হাসিনার মা এবং শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী হিসেবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৭ সালের ডেস্ক ক্যালেন্ডারে এমন গুরুতর ভুল ঘিরে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা।
ক্যালেন্ডারের জানুয়ারি মাসের পাতায় রয়েছে বেগম খালেদা জিয়ার কবর জিয়ারতের একটি ছবি। ছবিতে মোনাজাতরত ব্যক্তিদের পেছনে থাকা ব্যানারে খালেদা জিয়ার নামের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে শেখ হাসিনার মা ও শেখ মুজিবুর রহমানের সহধর্মিণীর পরিচয়।
শনিবার ২৮ নভেম্বর রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মেলনে অতিথিদের উপহার হিসেবে দেওয়া হয় এই ক্যালেন্ডার। পরদিন বিষয়টি সামনে আসায় বিব্রতকর পরিস্থিতিতে পড়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রোববার জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যালেন্ডারের মুদ্রণ বন্ধ এবং বিতরণ করা ক্যালেন্ডার ফেরত নেওয়ার উদ্যোগ নেয়। জনসংযোগ দপ্তরের একজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত, একজনের দায়িত্ব প্রত্যাহার এবং তিন কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি করা হয়েছে।
তবে প্রশ্ন উঠেছে, ক্যালেন্ডারের ছবি নির্বাচন, সম্পাদনা, প্রুফ দেখা ও মুদ্রণের অনুমোদন; এতগুলো ধাপ পেরিয়ে এমন গুরুতর ভুল থেকে গেল কীভাবে?
ছবিটি তৈরিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করা হয়েছিল কি না, তা নিয়েও প্রশ্ন রয়েছে। তবে ভুলের প্রকৃত উৎস এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।
দেশের বিপুলসংখ্যক উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের তদারকির দায়িত্বে থাকা জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি প্রকাশনায় এমন ভুল শুধু বিব্রতকরই নয়, প্রাতিষ্ঠানিক দায়িত্বশীলতা ও তথ্য যাচাইয়ের প্রক্রিয়াকেও প্রশ্নের মুখে ফেলেছে।
নিছক অসাবধানতা, পেশাগত অদক্ষতা, নাকি অন্য কোনো কারণ; তার উত্তর পেতে তদন্ত শুরু হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এসএম আমানুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন এবং দায়িত্ব পালনে অমনোযোগিতা ও অবহেলার ঘটনায় প্রাথমিকভাবে সংশ্লিষ্ট পাঁচ কর্মকর্তাকে দায়ী করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
ব্যবস্থা নেওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন কমিউনিকেশন এক্সপার্ট গৌতম বড়ুয়া, জনসংযোগ বিভাগের উপ-রেজিস্ট্রার মো. রাশেদুল ইসলাম, ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ এবং উপপরিচালক আতিকুর রহমান হেলাল ও কামরুল হাসান। গৌতম বড়ুয়ার চুক্তিভিত্তিক নিয়োগ প্রত্যাহার করা হয়েছে। মো. রাশেদুল ইসলামকে সাময়িক বরখাস্তের পাশাপাশি কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
অন্যদিকে তাইয়েবা তাসনীম সিরাজ, আতিকুর রহমান হেলাল ও কামরুল হাসানকে রেজিস্ট্রার দপ্তরে বদলি করা হয়েছে।
উপাচার্য অধ্যাপক ড. এ এসএম আমানুল্লাহ জানান, ভুলে ভরা ক্যালেন্ডারটি প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে ঘটনার কারণ, দায়-দায়িত্ব ও প্রক্রিয়াগত ত্রুটি চিহ্নিত করতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।





