জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ বুধবার (২৭ আগস্ট)। ১৯৭৬ সালের এদিনে তিনি পরলোকগমন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় তার সমাধিস্থ হওয়া যেন বাঙালি জাতির প্রতি তার অসামান্য অবদানের স্বীকৃতি বহন করে।
পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়ায় জন্ম নেওয়া দুখু মিয়া হয়ে উঠেছিলেন বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি। কবিতা ছাড়াও গান, নাটক, গল্প, প্রবন্ধ ও সাংবাদিকতায় রেখেছেন সমান দক্ষতার স্বাক্ষর। তার সৃষ্টিকর্ম বঞ্চনা ও শোষণের বিরুদ্ধে সংগ্রামে জাতিকে জাগ্রত করেছে বারবার। মুক্তিযুদ্ধেও নজরুলের রচনা ছিল অনুপ্রেরণার মশাল।
বাংলাদেশ স্বাধীন হওয়ার পর জাতির পক্ষ থেকে তাকে ঢাকায় আনা হয় এবং দেওয়া হয় জাতীয় কবির মর্যাদা। এছাড়া একুশে পদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডি-লিট ডিগ্রি তার প্রাপ্ত সম্মানের মধ্যে অন্যতম।
কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সারাদেশে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কবির সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, দোয়া ও ফাতেহা পাঠ, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে।








