মাইলস্টোন স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক থেকে ওয়াকআউট করেছে বৈঠকে অংশ নেওয়া বামদলগুলো। সকালে বৈঠক শুরুর পরপরই সিপিবি, জাসদ ও বাসদের প্রতিনিধিরা বৈঠক ত্যাগ করেন।
বুধবার (২৩ জুলাই) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে এ ঘটনা ঘটে।
বামদলগুলো মাইলস্টোনের শিক্ষক-শিক্ষাথীদের প্রতিবাদ-বিক্ষোভ কর্মসূচিতে রাষ্ট্রীয় নিপীড়ন হয়েছে দাবি করে সংশ্লিষ্টদের বিচার দাবি করেন৷ সিপিবি সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, জাসদের স্থায়ী কমিটির সদস্য মুশতাক হোসেন এবং বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ ওয়াকআউট করেন।
বৈঠকের শুরুতেই এই ওয়াকআউট বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ জানান, রাজনৈতিক দলগুলোর গণতান্ত্রিক অধিকার হিসেবেই ওয়াকআউটের বিষয়টি দেখছেন তিনি। তিনি আশা করেন, দলগুলো আলোচনায় ফিরে এসে কমিশনের ঐকমত্যের আলোচনা এগিয়ে নেবে।
বামদলগুলো দশ মিনিটের এই প্রতীকি ওয়াকআউটে গোপালগঞ্জের ঘটনা এবং রাষ্ট্রীয়ভাবে সাধারণ জনমানুষের উপর নিপীড়নের তীব্র প্রতিবাদও জানান।
পরে ১১টা ২৫ মিনিটের দিকে বামদল প্রতিনিধিরা বৈঠকে ফিরে আসেন।
জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের সংলাপের ১৮তম দিনের অধিবেশনে অংশ নিচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা।








