মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী ড. আহমদ জাহিদ হামিদি বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায় আজ রোহিঙ্গা ইস্যুতে সোচ্চার, যেটা আগে ছিল না। মিয়ানমারের উপর আর্ন্তজাতিক চাপ বৃদ্ধি পেয়েছে। আর্ন্তজাতিক চাপের মুখে মিয়ানমার নির্যাতন বন্ধ করতে এবং রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বাধ্য হবে।
সোমবার দুপুরে কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গা ইস্যুতে সবসময় বাংলাদেশের পাশে থাকবে মালয়েশিয়া।
মিয়ানমারের রাখাইন রাজ্যে অব্যাহত গণহত্যা ও নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের দুর্দশা দেখতে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসেন মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী ড. আহমদ জাহিদ হামিদি। সেসময় মালয়েশিয়ার মানব উন্নয়ন মন্ত্রী রিচার্ড রিওদও উপস্থিত ছিলেন।
হামিদি ক্যাম্পে অবস্থান করা রোহিঙ্গাদের সাথে কথা বলেন। তাদের মুখে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর নিমর্ম নির্যাতন আর গণহত্যার কথা শুনে তিনি আবেগ আপ্লুত হয়ে যান। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি আসিয়ানভুক্ত দেশগুলোকে মিয়ানমারের উপর চাপ সৃষ্টির আহ্বান জানান।








