ব্যাকগ্রাউন্ড স্কোর শেখাতে জাহিদ নিরবের মাস্টারক্লাস
'সুপ্ত আগুনটা জ্বালিয়ে দেওয়াই এই ওয়ার্কশপের উদ্দেশ্য'

সিনেমা, ওয়েব কনটেন্ট কিংবা নাটকের দৃশ্যের আবহ ও আবেগকে দর্শকের কাছে আরও জীবন্ত করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ব্যাকগ্রাউন্ড স্কোর। দৃশ্যের সঙ্গে এই মিউজিক দর্শকদের অনুভূতি তৈরি ভূমিকা রাখে। তবে বাংলাদেশে এ বিষয়ে হাতে-কলমে শেখার প্রাতিষ্ঠানিক সুযোগ নেই! এই প্রেক্ষাপটে আগ্রহীদের ব্যাকগ্রাউন্ড স্কোরের জগৎ সম্পর্কে ধারণা দিতে মাস্টারক্লাস নিতে যাচ্ছেন সংগীত পরিচালক জাহিদ নিরব।
মোশন স্কিলস একাডেমির আয়োজনে আগামী ২৪ অক্টোবর বিকেল ৪টায় রাজধানীর বারিধারায় অনুষ্ঠিত হবে চার ঘণ্টার এই কর্মশালা। এতে ব্যাকগ্রাউন্ড স্কোর তৈরির অভিজ্ঞতা, কাজের প্রক্রিয়া ও এ বিষয়ে নিজের পথচলার নানা দিক তুলে ধরবেন জনপ্রিয় এই সংগীত পরিচালক।
‘মহানগর’, ‘ব্যাচেলর পয়েন্ট’, ‘পরাণ’, ‘বনলতা এক্সপ্রেস’, ‘রকস্টার’-এর মতো জনপ্রিয় কনটেন্টে তৈরি ব্যাকগ্রাউন্ড মিউজিক কীভাবে দর্শকের প্রশংসা পেয়েছে, সেই অভিজ্ঞতাও ভাগ করে নেবেন বলে জানান জাহিদ নিরব।
চ্যানেল আই অনলাইনকে জাহিদ নিরব বলেন, চার ঘণ্টার একটি কর্মশালায় ব্যাকগ্রাউন্ড স্কোরের সবকিছু শেখানো সম্ভব নয়। তবে আগ্রহীদের জন্য একটি সঠিক দিকনির্দেশনা তৈরি করে দেওয়াই এর মূল লক্ষ্য। এই ওয়ার্কশপের উদ্দেশ্য হচ্ছে, জাস্ট সুপ্ত আগুনটা জ্বালিয়ে দেওয়া।
সময়ের ব্যস্ততম এই মিউজিশিয়ান বলেন, ব্যাকগ্রাউন্ড স্কোর শেখার আগ্রহ রয়েছে এমন যে কেউ এই কর্মশালায় অংশ নিতে পারবেন। সহকারী পরিচালকদের জন্যও এটি কার্যকর হতে পারে। কারণ, ব্যাকগ্রাউন্ড স্কোর সম্পর্কে ধারণা থাকলে নির্মাণের সময় সংগীতের ব্যবহার ও প্রয়োজনীয়তা বুঝে নেওয়া সহজ হবে।
নিজের শেখার অভিজ্ঞতা তুলে ধরে জাহিদ নিরব বলেন, আমি যখন ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ শুরু করি, তখন দেশে হাতে-কলমে শেখার তেমন কোনো মাধ্যম ছিল না। ২০১৬ সালের দিকে অনলাইনে প্রায় ১৬ হাজার টাকা দিয়ে একটি মাস্টারক্লাস কিনেছিলাম। পাভেল ভাই ও ইমনসহ তারাও সেই সময় এভাবে শেখার প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছেন। শুরুর দিকে ওই অনলাইন মাস্টারক্লাস আমাকে খুব হেল্প করেছিল।
জাহিদ নিরবের মনে করেন, কম্পোজিশন এমন একটি বিষয়, যা কেবল অন্য কাউকে শেখানোর মাধ্যমে পুরোপুরি আয়ত্ত করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন নিজের অনুশীলন। তবে অভিজ্ঞদের কাছ থেকে সঠিক দিকনির্দেশনা পেলে আগ্রহীরা নিজেদের দক্ষতা বিকাশের পথ খুঁজে নিতে পারবেন।
ব্যাকগ্রাউন্ড স্কোর নিয়ে আগ্রহীদের জন্য এই মাস্টারক্লাসকে তাই কেবল একটি প্রশিক্ষণ নয়, বরং সংগীতের এই বিশেষ শাখায় কাজ শুরু করার প্রাথমিক দিকনির্দেশনা হিসেবে দেখছেন জাহিদ নিরব।





