ফুটবল

আসিয়ান কাপে খেলতে বাংলাদেশকে আমন্ত্রণ ফিফার, অপেক্ষা চূড়ান্ত সিদ্ধান্তের

বাংলাদেশ ফুটবল দল অনুশীলন করছে, প্রস্তুতি নিচ্ছে আসিয়ান কাপের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ফুটবল দল আসিয়ান কাপের প্রস্তুতির জন্য অনুশীলন করছে, খেলোয়াড়রা ফুটবল মাঠে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ফিফার অর্থায়নে ইন্দোনেশিয়ায় হতে চলা আসিয়ান কাপে অংশ নেয়ার পথে বাংলাদেশ। টুর্নামেন্ট থেকে ভারত নাম প্রত্যাহার করায় শেষ মুহূর্তে আমন্ত্রণ পেয়েছে লাল-সবুজের দেশ। শুক্রবার বিকেলে বাফুফের জাতীয় দল কমিটির বিশেষ সভায় আসিয়ান টুর্নামেন্টে খেলার ব্যাপারে ইতিবাচক মনোভাব পোষণ করেছেন সবাই। এখন অপেক্ষা ফিফার চূড়ান্ত সিদ্ধান্তের।

আগামী ২৪ সেপ্টেম্বর দক্ষিণ-পূর্ব এশিয়ার ১৪টি দেশ নিয়ে দুটি বিভাগে (প্রিমিয়ার ও চ্যালেঞ্জ ডিভিশন) হবে আসিয়ান কাপ। ইন্দোনেশিয়া প্রিমিয়ার ডিভিশন অংশের আয়োজন করবে এবং হংকং চ্যালেঞ্জ ডিভিশনের আয়োজক।

বিষয়টি নিয়ে বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিম চ্যানেল আই অনলাইনকে বলেছেন, ‘এ ব্যাপারে ফিফা আমাদের সঙ্গে আলোচনা শুরু করেছে, তারা জানতে চেয়েছে সেপ্টেম্বরের উইন্ডোতে আমাদের পরিকল্পনা কী কী। যদি আসিয়ানে খেলার সুযোগ পাই আমরা প্রস্তুত আছি কিনা। এরপরই আমাদের সভাপতি এ ব্যাপারে সবার সঙ্গে আলোচনা করেছেন এবং খেলার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন। পরে আমরা আমাদের পরিকল্পনার বিস্তারিত ফিফাকে জানিয়েছি। আনুষ্ঠানিকভাবে আমরা এখন ফিফার সিদ্ধান্তের অপেক্ষায় আছি। তবে আমরা প্রস্তুত।’

প্রিমিয়ার ডিভিশনে ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপিন্স, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও পাকিস্তান খেলবে। ভারত সরে দাঁড়ানোয় এই বিভাগে খেলার সম্ভাবনা জেগেছে বাংলাদেশের। উল্লেখ্য, এই টুর্নামেন্টে প্রথমবার খেলার সুযোগ পাচ্ছে লাল-সবুজের দেশ।

বিষয়:আসিয়ান ফিফা বাংলাদেশ ভারত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…