রিয়াল মাদ্রিদ এবং ইংল্যান্ডের তারকা ফুটবলার জুড বেলিংহ্যাম পা রাখলেন ক্রিকেটে, তার যুক্ত হওয়া খেলোয়াড় হিসেবে নয়, দলের মালিকানায়। ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দ্য হান্ড্রেডের দল বার্মিংহাম ফিনিক্সে বিনিয়োগ করেছেন তিনি।
২১ জুলাই শুরু হতে চলা ষষ্ঠ আসরের পর্দা নামবে ১৬ আগস্ট ফাইনালের মধ্যে দিয়ে। প্রথম বাংলাদেশি হিসেবে আসন্ন আসরে খেলবেন তারকা পেসার মোস্তাফিজুর রহামান। এক লাখ পাউন্ডে তাকে দলে টেনেছে বার্মিংহাম, যা বাংলাদেশি টাকায় এক কোটি ৬৬ লাখ।
বেলিংহ্যাম বার্মিংহাম সিটির হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করেছিলেন। সেই শহরের ক্রিকেট দলটির ১.২ শতাংশ শেয়ার কিনলেন। বেলিংহ্যাম কমিউনিটি সম্পৃক্ততা এবং সামাজিক দায়বদ্ধতামূলক প্রকল্পগুলোতে মনোযোগ দেয়ার পরিকল্পনা করেছেন, লক্ষ্য বিশ্বব্যাপী পরিচিতি ব্যবহার করে খেলাধুলায় অংশগ্রহণ বৃদ্ধি করা।
নিজ শহরের দলে বিনিয়োগ করার সিদ্ধান্তের ব্যাখ্যায় বেলিংহ্যাম বলেছেন, ‘আমার মনে হয়, এই শহরের কাছে আমার কিছু ঋণ আছে। এটাকে একটা ভালো উপায় বলে মনে হচ্ছে। যখন এতে যুক্ত হওয়ার সুযোগ পেলাম, দ্বিতীয়বার ভাবিনি এবং এর সাথে যুক্ত হতে পেরে খুবই খুশি।’
বার্মিংহাম ফিনিক্সে ৫০.৪ শতাংশ শেয়ারের মালিক ওয়ারউইকশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব এবং ফুটবল ক্লাব বার্মিংহাম সিটির মালিকানা কোম্পানি নাইটহেড ক্যাপিটাল ম্যানেজমেন্ট।
এই শহরে বেড়ে ওঠেন বেলিংহ্যাম, ‘সবসময় অনুভব করেছি যে বার্মিংহাম এমন একটি জায়গা যেখানে সবাই চায় সবাই যেন ভালো কিছু করে। এটা এমন একটা জায়গা যেখানে বড় হওয়ার সৌভাগ্য লাভ করেছি এবং এখানকার মানুষ আপনাকে আপনার চেয়ে আরও ভালো হতে বা সেরা হতে উৎসাহিত করবে।’








