চট্টগ্রাম থেকে: মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে নামার আগমুহূর্তে ওয়ার্মআপের সময় ডান হাঁটুতে চোট পান মোস্তাফিজুর রহমান। ছিটকে যান একাদশ থেকে। দ্বিতীয় ওয়ানডেতেও ফেরা হয়নি। তৃতীয় ও শেষ ম্যাচ সিরিজ নির্ধারণী, ফিজ ফিরবেন কিনা অনিশ্চিত। পেস বোলিং কোচ শন টেইট অবশ্য আশারবাণী শোনালেন। জানালেন, ঠিক আছেন ফিজ, ফিরতে পারেন আগামী ম্যাচে।
কিউইদের বিপক্ষে প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায় টিম টাইগার্স। ১-১ সমতায় সিরিজ, তৃতীয় ও শেষ ম্যাচ পরিণত হয়েছে অঘোষিত ফাইনালে। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বৃহস্পতিবার সকাল ১১টায় গড়াবে লড়াই। ধারাভাষ্য শোনা যাবে রেডিও ভূমিতে। ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে আসেন শন টেইট।
মোস্তাফিজের চোটের হালনাগাদে টেইট বললেন, ‘আমার মনে হয় মোস্তাফিজ বাছাইয়ের জন্য প্রস্তুত থাকবেন। তবে শতভাগ নিশ্চিত নই। আজ হয়তো তিন বা চার ওভার বল করেছে। সত্যি বলতে নির্বাচকরা দল নিয়ে কী ভাবছেন তা জানি না। তবে আজ বোলিং করার সময় তাকে ঠিকই মনে হয়েছে।’








