পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত এক সিরিজ গেছে বাংলাদেশের উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিমের। প্রথম টেস্টে ১৯১ রানের স্মরণীয় ইনিংস খেলার পর দ্বিতীয় ইনিংসে ব্যাটেই নামতে হয়নি ডানহাতি তারকাকে। দ্বিতীয় টেস্টে বলার মতো পারফর্ম করতে পারেননি। ভারত সিরিজে ৩৭ বর্ষী ভরসা ব্যাটারকে দুটি রেকর্ড হাতছানি দিচ্ছে।
টেস্ট, ওয়ানডে এবং টি-টুয়েন্টি মিলিয়ে বাংলাদেশের সবচেয়ে বেশি রানের মালিক বাঁহাতি ওপেনার তামিম ইকবাল। তিন সংস্করণ মিলিয়ে ৩৯১ ম্যাচ খেলা তামিমের রানের সংখ্যা ১৫,২৪৯। তিন সংস্করণ মিলিয়ে ৪৬৩ ম্যাচ খেলা মুশফিকের এ রেকর্ড টপকে যেতে প্রয়োজন আর মাত্র ৬৫ রান। ভারতের বিপক্ষে দুই টেস্টের সিরিজে যে সংখ্যাকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ তারকা ব্যাটারের।
আরেকটি রেকর্ড হল, বাংলাদেশের মাত্র দুজন টেস্টে পাঁচ হাজারের এলিট ক্লাবে ঢুকেছেন, তামিম ও মুশফিক। এবার দেশের প্রথম ব্যাটার হিসেবে ছয় হাজার টেস্ট রানের এলিট ক্লাবে ঢোকার অপেক্ষায় মুশফিক। টেস্টে তার রান ৫,৮৯২। ছয় হাজারি ক্লাবে ঢুকতে চাই ১০৮ রান। টেস্টে তার সর্বোচ্চ রানের ইনিংস অপরাজিত ২১৯ রানের।
তিন সংস্করণ মিলিয়ে দেশের তৃতীয় সর্বোচ্চ রানের মালিক সাকিব আল হাসান। টেস্ট, ওয়ানডে এবং টি-টুয়েন্টি মিলিয়ে তার রান ১৪,৬৬৪।








