তিন সংস্করণ মিলিয়ে বাংলাদেশের সর্বোচ্চ রানের মালিক সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তাকে টপকে যেতে মুশফিকুর রহিমের প্রয়োজন আর ৪৫ রান। ৪৪ রান হলে তিন সংস্করণে তামিমের সমপরিমাণ রান হবে এবং ৪৫ হলে বাংলাদেশের সবচেয়ে বেশি রানের মালিক হবেন উইকেটকিপার-ব্যাটার।
টেস্ট, ওয়ানডে এবং টি-টুয়েন্টি মিলিয়ে বাংলাদেশের সবচেয়ে বেশি রানের মালিক বাঁহাতি ওপেনার তামিম। তিন সংস্করণ মিলিয়ে ৩৯১ ম্যাচ খেলার পর তার রানের সংখ্যা ১৫,২৪৯। আপাতত খেলার বাইরে থাকায় রান বাড়ানো হচ্ছে না তার।
তিন সংস্করণ মিলিয়ে ৪৬৫ ম্যাচ খেলা মুশফিকের রান ১৫,২০৫ রান। সর্বোচ্চ রানের রেকর্ড টপকে যেতে তার সুযোগ থাকছে কানপুরে। ভারতের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের শেষ ইনিংসে এ রান করলেই হবেন রেকর্ডের মালিক।
আরেকটি রেকর্ড হল, বাংলাদেশের মাত্র দুজন টেস্টে পাঁচ হাজারের এলিট ক্লাবে ঢুকেছেন, তামিম ও মুশফিক। এবার দেশের প্রথম ব্যাটার হিসেবে ছয় হাজার টেস্ট রানের এলিট ক্লাবে ঢোকার অপেক্ষায় মুশফিক। টেস্টে তার রান ৫,৯১৩। ছয় হাজারি ক্লাবে ঢুকতে চাই ৮৭ রান। টেস্টে তার সর্বোচ্চ রানের ইনিংস অপরাজিত ২১৯ রানের।
তিন সংস্করণ মিলিয়ে দেশের তৃতীয় সর্বোচ্চ রানের মালিক সাকিব আল হাসান। তার রান ১৪,৭২১।








