ভারতে চলতি বিশ্বকাপের সম্ভাব্য তিন সেমিফাইনালিস্টের নাম বলেছিলেন শ্রীলঙ্কান কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরন। এবার জানালেন শেষ চারের শেষ নামটি। সেটি বিশ্বকাপের ডার্ক হর্স সাউথ আফ্রিকা।
২০২৩ বিশ্বকাপের ডার্ক হর্স কোন দলটি হতে পারে? মুরালিধরন বলছেন, ‘আমার মনে হয় এবছর সাউথ আফ্রিকা বিশ্বকাপের ডার্ক হর্স। কারণ মহারণের শুরুটা ভালো করেছে দলটি।’
তিনটি বিশ্বকাপের ফাইনাল খেলা মুরালিধরনের এমন মনে করার যথেষ্ট যুক্তি আছে। তার দেশ শ্রীলঙ্কার বিপক্ষে বড় জয় দিয়ে আসর শুরু করেছে আফ্রিকার দেশটি। নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ১০২ রানের বড় ব্যবধানে হারিয়েছে।
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে সাউথ আফ্রিকা ৪২৮ রানের বড় সংগ্রহ দাঁড় করায়। জবাবে ৩২৬ রানে থামে শ্রীলঙ্কার ইনিংস।







