স্বাধীন বাংলা ফুটবল দল ও স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টুর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার দুপুর ১২টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কৃতি সূর্যসন্তান, জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
বার্ধক্যজনিত ও নানা রোগ নিয়ে রোববার হাসপাতালে ভর্তি হয়েছিলেন জাকারিয়া পিন্টু। হৃদযন্ত্র, কিডনি, লিভার সমস্যায় ভুগছিলেন। পরিবারে এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন তিনি।
জাকারিয়া পিন্টুর নেতৃত্বে মুক্তিযুদ্ধের সময় ফুটবলাররা ভারতে প্রদর্শনী ম্যাচের মাধ্যমে মুক্তিযুদ্ধের জন্য তহবিল গড়েছিলেন। পরে আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের অভিষেক হয় ১৯৭৩ সালে। মালয়েশিয়ায় মারদেকা কাপে দেশকে নেতৃত্ব দিয়েছিলেন কৃতি ডিফেন্ডার। ১৯৯৫ সালে বাংলাদেশ সরকার তাকে ক্রীড়া বিভাগে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে।
মুক্তিযুদ্ধ চলাকালীন ১৯৭১ সালে জাকারিয়া পিন্টুর নেতৃত্বে ভারতের বিভিন্ন রাজ্যে ১৬টি ম্যাচ খেলে স্বাধীন বাংলা ফুটবল দল ১২টিতে জিতেছিল। ম্যাচগুলোর টিকিট বিক্রি থেকে প্রাপ্ত অর্থ তারা মুক্তিযুদ্ধে প্রবাসী বাংলাদেশ সরকারের তহবিলে দিয়েছিল।
খেলোয়াড়ি জীবন শেষে সংগঠক হয়েছিলেন জাকারিয়া পিন্টু। ঐতিহ্যবাহী মোহামেডানের পরিচালক পদে কাজ করেন। তার আগে দীর্ঘদিন মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নেতৃত্ব দিয়েছেন। ১৯৪৩ সালের ১ জানুয়ারি নওগাঁয় জন্ম নেয়া কিংবদন্তি ফুটবল শুরু করেছিলেন পঞ্চাশের দশকের শেষদিকে। ১৯৬১ সাল থেকে ১৯৭৫ সাল পর্যন্ত টানা খেলেছেন মোহামেডানে। ক্লাবের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। ডাগআউট সামলেছেন জাতীয় দলেরও।







