মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটির কেন্দ্রস্থলে প্রেসিডেন্ট প্রাসাদ ও ঐতিহাসিক জোকালো পাবলিক স্কয়ারের কাছাকাছি এলাকায় বন্দুকধারীর গুলিতে একজন নিহত এবং দুজন আহত হয়েছেন।
দ্য হিন্দু জানিয়েছে, সোমবার (স্থানীয় সময়) সংঘটিত এ ঘটনাকে ‘সরাসরি হামলা’ হিসেবে উল্লেখ করেছে দেশটির নিরাপত্তাবিষয়ক সচিবালয়। নিহত ব্যক্তি ৪২ বছর বয়সী একজন পুরুষ। আহত অপর দুই ব্যক্তির বয়স ৩৯ বছর এবং তারাও পুরুষ। আহতদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হামলার পর সন্দেহভাজন বন্দুকধারী মোটরসাইকেলে করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। তাকে শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ। মেক্সিকো সিটির সান্তো ডোমিঙ্গো চত্বরে এ হামলার ঘটনা ঘটে। ঔপনিবেশিক আমলের ভবনবেষ্টিত এ এলাকাটি জাল নথিপত্র তৈরি ও বিক্রির কেন্দ্র হিসেবে পরিচিত।
প্রেসিডেন্ট প্রাসাদ এবং জোকালো পাবলিক স্কয়ার মেক্সিকোর প্রশাসনিক ও পর্যটনের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। ফলে এই অঞ্চলে প্রকাশ্যে গুলির ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। তবে হামলার উদ্দেশ্য, নিহত ও আহত ব্যক্তিদের পরিচয় কিংবা হামলাকারীর সম্ভাব্য উদ্দেশ্য সম্পর্কে এখনও বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি কর্তৃপক্ষ। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।







