দক্ষিণী তারকা ধানুশ ও বলিউড অভিনেত্রী ম্রুনাল ঠাকুরের বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুঞ্জনকে পুরোপুরি ভিত্তিহীন ও মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন ঘনিষ্ঠ সূত্ররা।
গত শুক্রবার ভোর থেকে ভারতীয় অনলাইনে দাবি করা হয়, আগামী ১৪ ফেব্রুয়ারি ধানুশ ও ম্রুনাল ঠাকুর বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। মুহূর্তেই সেই খবর ভাইরাল হয়ে যায়। তবে বিষয়টি নিয়ে ফ্যাক্ট চেক করে সংবাদ প্রকাশ করেছে এশিয়ান নেট নিউজ! তারা জানায়, এই দাবি সত্য নয়।
এই গুঞ্জন প্রসঙ্গে ম্রুনাল ঠাকুরের ঘনিষ্ঠ একটি সূত্র এইচটিসিটিকে জানায়,“ম্রুনালের আগামী মাসে বিয়ে হচ্ছে না। এটি সম্পূর্ণই ভিত্তিহীন একটি গুজব, যার কোনো কারণ নেই।”
সূত্রটি আরও জানায়, চলতি বছরের ফেব্রুয়ারি ও মার্চ মাসজুড়ে ম্রুনালের একের পর এক সিনেমা মুক্তি রয়েছে। ফেব্রুয়ারিতে একটি ছবির মুক্তি, আর মার্চে একটি তেলুগু সিনেমা আসছে। এমন ব্যস্ত সময়ের মধ্যে বিয়ের আয়োজন করা বাস্তবসম্মত নয়। আপাতত ম্রুনালের পুরো মনোযোগ কাজের দিকেই।
এর আগেও ধানুশ ও ম্রুনাল ঠাকুরের সম্পর্ক নিয়ে নানা জল্পনা তৈরি হলেও, এখন পর্যন্ত দুজনের কেউই তাদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কোনো বক্তব্য দেননি বা কিছু নিশ্চিত করেননি। ব্যক্তিগত জীবন নিয়ে তারা দুজনই বরাবরের মতো নীরব।
গুজবের সূত্রপাত যেভাবে
২০২৫ সালের আগস্টে ম্রুনাল ঠাকুরের সিনেমা ‘সন অব সরদার ২’–এর একটি অনুষ্ঠানে ধানুশকে উষ্ণ অভ্যর্থনা জানানোর একটি ভিডিও ভাইরাল হয়। সেই ঘটনাকে কেন্দ্র করে ভক্তদের মধ্যে নতুন করে জল্পনা শুরু হয়। এরপর থেকেই তাদের একসঙ্গে দেখা গেলেই তা নিয়ে অতিরঞ্জিত ব্যাখ্যা দেওয়া হচ্ছে।
সব মিলিয়ে, সংশ্লিষ্ট সূত্রের দাবি অনুযায়ী, ধানুশ ও ম্রুনাল ঠাকুরের বিয়ে নিয়ে বর্তমানে কোনো পরিকল্পনা নেই। আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত এসব খবরকে গুজব হিসেবেই দেখার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। এশিয়া নেট নিউজ








