ক্রিকেট

দুর্ভাবনার কুয়াশা সরিয়ে মাঠে ফেরার অপেক্ষায় মোস্তাফিজ

Cricket player bowling during a match at a stadium in Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

Cricket player in red uniform bowling during a match with spectators in the background. Channel i News – চ্যানেল আই নিউজ

মাথায় বলের আঘাত পাওয়ার পরই মোস্তাফিজুর রহমানকে নিয়ে ছড়িয়েছিল আতঙ্ক। তবে দুর্ভাবনার কুয়াশা সরে গেছে দ্রুতই। চোট পাওয়ার ঘণ্টা দুয়েকের মধ্যেই বিপিএলে এ বাঁহাতি পেসারের দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পক্ষ থেকে দেয়া হয় আপডেট। বিপজ্জনক কিছু ধরা পড়েনি সিটি স্ক্যান রিপোর্টে। একদিন বাদেই ফ্র্যাঞ্চাইজিটি জানাল, পুরোপুরি বিপদমুক্ত বাংলাদেশ জাতীয় দলের এই ক্রিকেটার। অপেক্ষা এবার মাঠে ফেরার।

সোমবার রাতে এক বার্তায় কুমিল্লা জানায়, সকালেই হাসপাতাল ছেড়ে টিম হোটেলে যোগ দেবেন মোস্তাফিজ। মাথার ক্ষতস্থানে যে ৫টি সেলাই লেগেছিল সেখানে ড্রেসিং করা হয়েছে। কয়েকদিন বিশ্রামের পর হয়ত মাঠেও ফিরতে পারবেন ফিজ।

বিপিএলের চট্টগ্রাম পর্বের শেষদিন (মঙ্গলবার) কুমিল্লা খেলবে রংপুর রাইডার্সের বিপক্ষে। এরপর ঢাকা পর্বে শেষের ধাপের শুরুতেও রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ম্যাচ। ২৩ ফেব্রুয়ারি মিরপুরে লিটন দাসের দলের প্রতিপক্ষ ফরচুন বরিশাল। তিন দিনের বিরতির পর মোস্তাফিজ খেলার অবস্থায় চলে আসবেন বলে প্রত্যাশা করছে ফ্র্যাঞ্চাইজিটি।

সেটি না হলেও অন্তত ২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া শেষ চারের প্লে-অফে তাকে পাওয়া যাবে বলে আশাবাদী কুমিল্লা।

গতকাল দুপুরে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন চলাকালে নেটে লিটন দাসকে বোলিং করছিলেন মোস্তাফিজ। একটি ডেলিভারির পর নিজের বোলিং মার্কে ফেরার সময় কোচের ডাক শুনে ঘুরে তাকান তিনি। তখনই নেট থেকে একটি বল এসে আঘাত করে তার মাথার বাম পাশে পেছন দিকে। মাঠে কিছুক্ষণ প্রাথমিক শুশ্রুষা দেয়া হয় তাকে। এ সময় মাথা থেকে রক্ত ঝরতে দেখা যায়। পরে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেয়া হয় তাকে।

বিষয়:চট্টগ্রাম চোট বিপিএল-২০২৪ মোস্তাফিজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…