নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী নতুন ওয়েব সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’ মুক্তি পেতে যাচ্ছে। কমেডি ঘরানার এই সিরিজের মূল ভূমিকায় আছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। তার সঙ্গে রয়েছেন এক ঝাঁক অভিনেত্রী।
তারা হলেন তানজিকা আমিন, রুনা খান, মৌসুমী হামিদ, সাদিয়া আয়মান, জুই করিম, ফারহানা হামিদ, অদিতি এবং বৃষ্টি। প্রত্যেকে মোশাররফ করিমের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন।
এর আগে মহানগর-এ ‘ওসি হারুন’ থেকে ‘মোবারকনামা’র মোবারক; মোশারফ করিম ওটিটিতে দর্শকদের মনে দাগ কেটেছেন তার সিরিয়াস ও ইনটেন্স চরিত্রে অভিনয় দিয়ে। ‘বোহেমিয়ান ঘোড়া’-তে ট্রাক ড্রাইভার আব্বাস চরিত্রটি দর্শকদের জন্য হতে যাচ্ছে এক দারুণ চমক।
মোশাররফ করিম বলেন, অমিতাভ রেজার সঙ্গে এতো বড় পরিসরে এটাই আমার প্রথম কাজ। সেই সাথে দুর্দান্ত গল্প ও চরিত্রের কারণেই এই সিরিজের সঙ্গে আমার যুক্ত হওয়া। দর্শক বোহেমিয়ান ঘোড়া তে সম্পূর্ণ নতুন কিছু পাবে বলে আমার বিশ্বাস।
হইচই অরিজিনাল সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’-তে অন্যতম গুরুত্বপূর্ণ এক চরিত্রে অভিনয় করেছেন রুনা খান। এর আগেও বেশকিছু চরিত্রে তাকে অভিনয় করতে দেখা গেছে। তবে এই সিরিজে তার চরিত্রটি একদম ভিন্ন; গরম মেজাজের ও আত্মবিশ্বাসী এক নারীর।
বাস্তব জীবনে তানজিকা আমিন যেমন ঠিক তার বিপরীত চরিত্রে দেখা যাবে তাকে ‘বোহেমিয়া ঘোড়া’-তে । মৌসুমি হামিদকে দেখা যাবে নারী মৌয়ালের চরিত্রে। সাদিয়া আয়মান অভিনয় করেছেন ছটফটে, চঞ্চল এক তরুণীর ভূমিকায়।
জুঁই করিমকে দর্শক দেখবে একদম নতুন আঙ্গিকে। সাথে আছেন ফারহানা হামিদ, তার চরিত্রে রয়েছে সংযম, অনুভূতি আর নিঃশব্দ এক অভিজ্ঞান – যা দর্শকদের ছুঁয়ে যাবে। এছাড়া অদিতি ও বৃষ্টি দুইজন নতুন মুখের আবির্ভাব ঘটেছে এই সিরিজে।
অমিতাভ রেজা চৌধুরী তার পুরো মুন্সিয়ানা দিয়েই নির্মাণ করাছেন সিরিজটি। তিনি বলেন,‘বোহেমিয়ান ঘোড়া সিরিজে আব্বাস কীভাবে ভালোবাসা, প্রত্যাশা আর সন্দেহ একসাথে সামলান, সেই কৌতুকপূর্ণ জটিলতা উঠে এসেছে—সাথে আছে নানা ধরনের রোড অ্যাডভেঞ্চার।
যারা অভিনয় করেছে তারা সবাই আমার প্রাণের মানুষ। দুর্দান্ত এক জার্নি ছিল আমাদের সবার। এখন শুধু অপেক্ষা হইচই-এর দর্শকের কাছে আমাদের বোহেমিয়ান ঘোড়া পৌঁছানোর। ‘বোহেমিয়ান ঘোড়া’ হইচই-তে মুক্তি পাবে আসন্ন ঈদুল আযহায়।







