ভারতের উত্তরপ্রদেশ এবং বিহারে গত কয়েক দিনে তীব্র গরমে ৯৬ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ভারতীয় রাজ্য কর্তৃপক্ষ। এই অবস্থায় ৬০ বছর বা তার বেশি বয়সী নাগরিকদের দিনে ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।
তাপমাত্রার তীব্রতা সহ্য না করতে পেরে উত্তর প্রদেশে ৬০ বছরের বেশি বয়সী মানুষ মারা যাচ্ছেন। গত তিন দিনে উত্তর প্রদেশের বালিয়ায় হাসপাতালগুলোতে ৩০০ জনের বেশি বৃদ্ধ ভর্তি হয়েছেন তাপজনিত অসুস্থতায়।
জটিল এই পরিস্থিতিতে বিভিন্ন রাজ্যে মেডিকেল কর্মীদের ছুটি বাতিল করেছে স্থানীয় সরকার। পাশাপাশি হাসপাতালগুলোতে জরুরী রোগীদের জন্য ওয়ার্ডে বিছানার ব্যবস্থা করা হয়েছে।
রোববার ভারতের আবহাওয়া অফিস জানিয়েছে, এই অঞ্চলগুলোতে তাপমাত্রা ছিল ৪৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৫ ডিগ্রি বেশি। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা অপরিবর্তিত থাকবে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।








