পরিবেশ

সারাদেশে আরও বৃষ্টিপাতে বন্যা পরিস্থিতি অবনতির আশঙ্কা

বন্যার পানিতে ডুবে গেছে বাড়িঘর ও রাস্তা, মানুষ নৌকায় চলাচল করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বন্যার কারণে বাড়িঘর ও রাস্তা পানিতে ডুবে গেছে, মানুষ নৌকায় চলাচল করছে, আশ্রয় কেন্দ্রের জন্য প্রস্তুতি নিচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

মৌসুমী বায়ুর প্রভাবে সারাদেশেই গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে। আজ শনিবার সারাদেশে বজ্রসহ ভারী বর্ষণের পূর্বাভাস দিয়ে রেখেছে আবহাওয়া অধিদপ্তর। এই আবহাওয়া খুব একটা পরিবর্তনের সম্ভবনা নেই আগামী ৩ দিনে। তাই আগামী তিন দিনে বন্যা পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।। 

ইতিমধ্যে সিলেট-সুনামগঞ্জ মারাত্মক পরিস্থিতি ছাড়াও বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। শেরপুরে বন্যার পানিতে ডুবে মৃত্যু হয়েছে তিনজনের। নেত্রকোণায় পানিবন্দী হয়ে পড়েছে প্রায় ৫ লাখ মানুষ। বিচ্ছিন্ন আছে নেত্রকোণাার সাথে ঢাকার রেল যোগাযোগ। যমুনা-ব্রহ্মপুত্র ধরলার পানি বেড়ে সিরাজগঞ্জ-কুড়িগ্রামেও পরিস্থিতির অবনতি হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করা মৌসুমী বায়ুর প্রভাবে সারাদেশে এ বৃষ্টিপাত চলতে পারে আরও ৫ থেকে ৭ দিন। আজ দেশের রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে বিজলী চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

আগামী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, একই সময়ে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।

ঢাকায় বাতাসের গতি ও দিক ছিল দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘন্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার, যা অস্থায়ীভাবে দমকায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার।

আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৯৭ শতাংশ। গতকাল দেশের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে সন্ধীপে ২৩৯ মিলিমিটার।

আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তাসারে বলা হয়েছে, মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা সীতাকুণ্ডে ২২ ডিগ্রি সেলসিয়াস।

আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪৮ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ১১ মিনিটে।

বিষয়:rain Weather আবহাওয়া আবহাওয়া অধিদপ্তর বৃষ্টি মৌসুমী বায়ু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…