বেশ কিছুদিন ধরেই ইংল্যান্ডের জার্সিতে দলে নেই ইংলিশ অলরাউন্ডার মঈন আলী। অস্ট্রেলিয়ার বিপক্ষে সাদা বলের সিরিজেও তাকে রাখা হয়নি দলে। অপেক্ষায় না থেকে আন্তর্জাতিক ক্রিকেটকেই বিদায় জানিয়ে দিলেন ৩৭ বর্ষী তারকা ক্রিকেটার।
ব্রিটিশ সংবাদমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে নিজের অবসরের কথা জানিয়ে মঈন। বলেছেন, ‘আমার বয়স ৩৭ হয়ে গেছে, এই মাসে হতে যাওয়া অস্ট্রেলিয়া সিরিজের দলে ডাক পাইনি। আমি ইংল্যান্ডের জন্য অনেক ক্রিকেট খেলেছি। এখন নতুন প্রজন্মের সময়, যা আমাকেও ব্যাখ্যা করা হয়েছে। এরপরই অনুভব করলাম সময় হয়ে গেছে, আমি আমার কাজ সম্পন্ন করেছি।’
গত বছর টেস্ট ফরম্যাটের অবসর ভেঙে অ্যাশেজে দুটি ম্যাচ খেলতে ফিরেছিলেন মঈন। নাটকীয়ভাবে এরপর আবারও টেস্টে অবসর নেন। তবে ওয়ানডে ও টি-টুয়েন্টি ফরম্যাটে খেলা চালিয়ে গেলেও এবার পুরো আন্তর্জাতিক ক্যারিয়ারই গুটিয়ে নিলেন।
ইংল্যান্ডের হয়ে ২৯৮টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন সর্বশেষ তিনটি বিশ্বকাপে দলের সহ-অধিনায়ক থাকা মঈন। তিনি ৬৮ টেস্ট, ১৩৮ ওয়ানডে এবং ৯২ টি-টুয়েন্টি ম্যাচ খেলেছেন। যেখানে আট সেঞ্চুরি ও ২৮ ফিফটিতে সবমিলিয়ে ৬ হজার ৬৭৮ রান করেছেন। এই অফস্পিনার তিন ফরম্যাটে ৩৬৬ উইকেট শিকার করেছেন।







