শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের আসন্ন চক্রে প্রবেশ করবে বাংলাদেশ। আগামী মঙ্গলবার গলে লঙ্কানদের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামবে টিম টাইগার্স। সিরিজ শুরুর আগে জ্বরে আক্রান্ত হয়েছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।
সিরিজ সামনে রেখে রোববার গলে প্রথমবার অনুশীলন করে বাংলাদেশ। প্রথমদিনের অনুশীলনে ছিলেন না মিরাজ। পরে জানা যায়, জ্বরের কারণে এদিন অনুশীলনে যোগ দিতে পারেননি তারকা অলরাউন্ডার।
অনুশীলন শেষে সংবাদমাধ্যমে মিরাজের বিষয়ে কথা বলেছেন বাংলাদেশ কোচ ফিল সিমন্স। তার আশা সোমবার অনুশীলন করতে পারবেন মিরাজ। বলেছেন, ‘মিরাজের জ্বর, তবে গত কয়েকদিনের চেয়ে সকালে ভালো দেখেছি ওকে। চিকিৎসা চলছে। আশা করি কাল অনুশীলন করতে পারবে।’
‘মিরাজকে নিয়ে সংশয় তো অবশ্যই দুশ্চিন্তার বিষয়। তবে একজনের অনুপস্থিতি মানে অন্য আরেকজনের জন্য সুযোগ। সবাই মন থেকে চাইছে মিরাজ সেরে উঠুক। তবে এটাও জানে, সে যদি না খেলে আমাকে দায়িত্ব নিতে হবে। একটু দুশ্চিন্তা, তবে এই দুশ্চিন্তা থাকা ভালো।’- যোগ করেন টাইগার কোচ।







