আওয়ামী শাসনামলে গুমের শিকার ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) নেতা মাইকেল চাকমা গুমের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ জমা দিয়েছেন।
বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ৯টায় তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে আসেন। সে সময়ে তার সঙ্গে ছিলেন আলোকচিত্রী শহিদুল আলম ও শহিদুল আলমের স্ত্রী অধ্যাপক রেহনুমা আহমেদ।
প্রসিকিউশনকে মাইকেল জানান, ২০১৯ সালের ৯ এপ্রিল রাজধানীর কল্যাণপুর থেকে তাকে তুলে নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনী। এরপর থেকে দীর্ঘ ৫ বছর ৪ মাসে পরিবর্তন করে করে বিভিন্ন জায়গায় রাখা হয় তাকে। চলতি বছর ৭ আগষ্ট মুক্তি পান তিনি।
জানা গেছে, ২০১৯ সালের ৯ এপ্রিল নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকা থেকে সাংগঠনিক কাজ শেষে ঢাকায় ফেরার পথে মাইকেল চাকমা গুমের শিকার হন। হাসিনা সরকারের পতন হলে অবরুদ্ধ দশা থেকে মুক্তি পান মাইকেল চাকমা। ওইদিন ভোরের দিকে চট্টগ্রামের একটি স্থানে তাকে চোখ বাঁধা অবস্থায় ছেড়ে দেওয়া হয়।
দাখিল করা অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। এ পর্যন্ত পাওয়া গুমের অভিযোগের প্রত্যোকটির আলাদা তদন্ত হচ্ছে। তবে সব গুমের অভিযোগ একটি মামলা হিসেবে তারা অন্তর্ভুক্ত করবেন বলেও জানান।







