বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নির্বাচন হতে চলেছে আগামী ২৬ অক্টোবর। নির্বাচন সামনে রেখে গঠন করা হয়েছে তিন সদস্যের কমিশন। পঞ্চমবারের মতো প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পেলেন মেজবাহ উদ্দিন।
বৃহস্পতিবার বাফুফের নির্বাহী কমিটির সভায় মেজবাহ উদ্দিনকে প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে। ২০০৮ সাল থেকে টানা চার মেয়াদে (২০১২, ২০১৬ ও ২০২০) বাফুফে নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।
তিন সদস্য নিয়ে গঠিত নির্বাচন কমিশনে মেজবাহ উদ্দিনের সঙ্গে দুজন নির্বাচন কমিশনার হিসেবে আছেন এহসানুর রহমান ও সুরাইয়া আক্তার জাহান। তিন সদস্যের নির্বাচনি আপিল কমিশনও গঠন করা হয়েছে। কমিটির চেয়ারম্যান বাংলাদেশ নির্বাচন কমিশনের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ড. মো. জাকারিয়া। সদস্য হিসেবে রয়েছেন হারুনুর রশীদ ও মিহির সারওয়ার মোর্শেদ।
নির্বাচন উপলক্ষে ১৩৩ জন ভোটার ডেলিগেট এবং ৯ জনের নন-ভোটার ডেলিগেটের তালিকা চূড়ান্ত করা হয়েছে।
সভা শেষে নির্বাহী কমিটির সদস্য সত্যজিত দাশ রুপু বলেছেন, ‘গত যে নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়েছে, তিনি (মেজবাহ উদ্দিন) খুব ভালোভাবে পরিচালনা করেছেন। ওনার উপর সবার আত্মবিশ্বাস ছিল বিধায় সবাই তার নাম প্রস্তাব করেছেন, বোর্ডও সম্মতি দিয়েছে।’








