টানা কয়েক দিন গরমের পর গত দু’দিন থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। আজ সকাল থেকেও রয়েছে মেঘলা আকাশ। এছাড়াও দেশের কোথাও কোথাও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। তবে ঈদের সম্ভব্য তারিখ ১০ এপ্রিল এবং এর পরবর্তী দিনে বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়াবিদ বজলুর রশিদ।
সোমবার ৮ এপ্রিল দুপুরে চ্যানেল আই অনলাইনকে বজলুর রশিদ বলেন, আগামীকাল ৯ তারিখ থেকে বৃষ্টির সম্ভবনা নেই।
তিনি বলেন, আগামীকাল মঙ্গলবার থেকে দেশের আকাশ পরিষ্কার থাকবে। সকাল থেকে দুপুর পর্যন্ত তাপমাত্রাও থাকবে স্বাভাবিক। তবে দুপুরের পর থেকে তাপমাত্রা বাড়তে থাকবে বলেও জানান তিনি।
এর আগে এদিন সকালে আজকে দিনের আবহাওয়া পূর্ভাবাসে বলা হয়, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’-এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
মঙ্গলবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ দিন সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
পরদিন বুধবার শুষ্ক আবহাওয়াসহ সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস, এবং রাতে সামান্য তাপমাত্রা বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
অন্যদিকে দেশের ৪৪টি আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরা সর্বোচ্চ ২৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে।
বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থা: তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে।








