লিওনেল মেসিকে ছাড়াই মেজর লিগ সকারে আরও একটি ম্যাচে নেমেছিল ইন্টার মিয়ামি। লুইস সুয়াজের জোড়া গোলে দারুণ জয় নিয়ে মাঠ ছেড়েছে টাটা মার্টিনোর দল। এমএলএসের প্লে-অফেও জায়গা করে নিয়েছে মিয়ামি।
চেজ স্টেডিয়ামে রোববার ভোরে সিনসিনাটির বিপক্ষে ২-০তে জয় পেয়েছে মিয়ামি। প্রথমার্ধের শেষদিকে টমাস অ্যাভিলেস লাল কার্ড দেখলে দ্বিতীয়ার্ধের পুরো সময় ১০ জনের দল নিয়ে খেলতে হয় মিয়ামিকে। আর্জেন্টাইন ডিফেন্ডার লাল কার্ড দেখার আগে ম্যাচের প্রথম ও ষষ্ঠ মিনিটে গোল দুটি আদায় করে নেন উরুগুয়ে ফরোয়ার্ড সুয়ারেজ।
কোপা আমেরিকার ফাইনালে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন লিওনেল মেসি। চোট উন্নতির পথে থাকলেও পুরোপুরি সেরে ওঠেননি ৩৭ বর্ষী মহাতারকা। কত সময় লাগতে পারে সেটি এখনই বলা সম্ভব হচ্ছে না, ম্যাচের আগে জানিয়েছিলেন মিয়ামি কোচ টাটা মার্টিনো। তবে মিয়ামির মৌসুম শেষ হওয়ার আগেই দলের সঙ্গে অনুশীলনে ফিরবেন মেসি, আশা কোচের।
ইস্টার্ন কনফারেন্সে বর্তমানে ২৬ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে সবার উপরে আছে মিয়ামি।







