গত মাসে স্প্যানিশ ক্লাব ইউই কর্নেলিয়ের মালিকানা কিনেছেন লিওনেল মেসি। দুসপ্তাহ পর ক্লাবটির খেলোয়াড় ও কোচিং স্টাফের উদ্দেশ্যে বার্তা দিলেন আর্জেন্টিনা অধিনায়ক। মালিক হিসেবে পরিচিতি পর্বে তিনি পঞ্চম বিভাগীয় ক্লাবটির উন্নতি ও তাদের প্রতি সমর্থন জানিয়েছেন।
ভিডিও বার্তায় মেসি কর্নেলিয়ের উদ্দেশ্যে বলেছেন, ‘হ্যালো বলতে চাই, আপনাদের জানাতে চাই উন্নতি ও সহায়তার জন্য যা প্রয়োজন তার জন্য আমরা আছি। এই নতুন প্রজেক্ট নিয়ে আমরা খুব রোমাঞ্চিত। আমি প্রতি সপ্তাহে আপনাদের অনুসরণ করছি এবং সমর্থন জানাচ্ছি।’
কর্নেলিয়ে ক্লাব কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘লিওনেল মেসির এই আগমন ক্লাবের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করল। এর লক্ষ্য হল, মাঠের পারফরম্যান্স এবং প্রাতিষ্ঠানিক- উভয় দিক থেকে ক্লাবকে এগিয়ে নেয়া, এর ভিত্তি শক্ত করা এবং নতুন প্রতিভাদের পেছনে বিনিয়োগ অব্যাহত রাখা। এই প্রজেক্টটি একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও কৌশলের উপর ভিত্তি করে সাজানো হয়েছে, যেখানে বড় উচ্চাকাঙ্ক্ষার পাশাপাশি টেকসই উন্নয়ন এবং স্থানীয় শেকড়ের সঙ্গে গভীর সংযোগের সমন্বয় থাকবে।’
তেরসেরা আরএফইএফ নিয়মিত মৌসুমের দুটি ম্যাচ বাকি থাকতে মেসি ক্লাবের জন্য বার্তা পাঠালেন। ইতিমধ্যে সেগুন্দা আরএফইএফে পদোন্নতির জন্য প্লে-অফে খেলার যোগ্যতা অর্জন করেছে কর্নেলিয়ে।
গত ১৬ এপ্রিল স্প্যানিশ ক্লাবটি কেনার ঘোষণা দেন বর্তমানে ইন্টার মিয়ামিতে খেলা মেসি। তরুণ ফুটবলারদের প্রতিভা বিকাশে এটি তার নতুন এক বিনিয়োগ। কর্নেলিয়ে তাদের শক্তিশালী ফুটবল একাডেমির জন্য বিশ্বজুড়ে পরিচিত, যেখান থেকে উঠে এসেছেন জর্ডি আলবা, জেরার্ড মার্টিন এবং ডেভিড রায়ার মতো বিশ্বমানের তারকা ফুটবলার।








