বিশ্রামের জন্য এক ম্যাচ মাঠের বাইরে ছিলেন লিওনেল মেসি। মেজর লিগ সকারে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে শুরুর একাদশে ফিরে গোলের দেখাও পেলেন। দিন শেষে অবশ্য ৩-১ গোলের পরাজয়ের স্বাদ পেয়েছে আর্জেন্টাইন মহাতারকার দল ইন্টার মিয়ামি।
ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোরে ম্যাচের চতুর্থ মিনিটে মেসি গোলের দেখা অল্পের জন্য পাননি। ডি বক্সের ভেতর তার নেয়া হেডে বল ক্রসবারের সামান্য উপর দিয়ে চলে যায়।
৪৪ মিনিটে ডান পায়ের লক্ষ্যভেদে আটলান্টাকে লিড পাইয়ে দেন সাবা লবজানিদজে। বিরতির পর ৫৯ মিনিটে বাঁ-পায়ের শটে আবারো জালের দেখা পান জর্জিয়া জাতীয় দলেই এই উইঙ্গার।
ডি বক্সের বাইরে থেকে নেয়া বাঁ-পায়ের শটে প্রতিপক্ষের গোলরক্ষককে পরাস্ত করে ৬২ মিনিটে লক্ষ্যভেদ করেন মেসি। খেলায় ফেরার আশা জাগায় মিয়ামি। চার মিনিট পর অবশ্য মিয়ামির কফিনে শেষ পেরেক ঠুকে দিয়ে নিশানাভেদ করেন সেনেগালের স্ট্রাইকার জামাল থিয়ারে।







