জাতীয় দল হোক বা ক্লাব জার্সিতে, গত মৌসুমটা দুর্দান্ত কেটেছে করিম বেনজেমার। কয়েকদিন আগে সাক্ষাৎকারে ফরাসি তারকার ভূয়সী প্রশংসা করেছেন লিওনেল মেসিও। এবারের ব্যালন ডি’অরে বেনজেমার কোনো প্রতিদ্বন্দ্বী নেই বলেছেন আর্জেন্টাইন মহাতারকা। মেসির থেকে এমন প্রশংসা পেয়ে বেশ উচ্ছ্বসিত রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড।
পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী মেসি তাকে অনুপ্রেরণা জোগান, এমনও বলেছেন ৩৪ বর্ষী বেনজেমা, ‘আমার ব্যাপারে মেসির বক্তব্যটা শুনেছি। এটা খুবই আনন্দদায়ক। তার মতো খেলোয়াড়ের পক্ষ থেকে এমন প্রশংসা পেয়ে বেশ খুশি লাগছে। ভালো খেলার ব্যাপারে তিনি আমার অনুপ্রেরণা।’
কয়েকদিন আগে মেসি বলেছেন, ‘এটা স্পষ্ট যে বেনজেমা দুর্দান্ত একটা বছর কাটিয়েছে এবং এর শেষ করেছে চ্যাম্পিয়ন্স লিগ জিতে। শেষ ষোলো থেকে শুরু করে পরের সব ম্যাচেই সে দলের জয়ের কারিগর ছিল। আমার মনে হয় এবছর কোনো সন্দেহ নেই।’
সদ্য শেষ হওয়া মৌসুমে রিয়ালের হয়ে ৪৬ ম্যাচে খেলেছেন বেনজেমা। সেখানে ৪৪ গোলের পাশাপাশি ১৫ এসিস্ট রয়েছে ফরাসি তারকার। চ্যাম্পিয়ন্স লিগে করেছেন ১৫ গোল, যা গত আসরের সর্বোচ্চ।
এবারের ইউরোপসেরার নকআউট পর্বে রিয়ালের বেশিরভাগ ম্যাচের নায়কই বেনজেমা। শেষ ষোলো ও কোয়ার্টারে তার হ্যাটট্রিকে দুর্দান্ত কামব্যাক করেছে লস ব্লাঙ্কোসরা। সেমিতে ম্যানচেস্টার সিটির বিপক্ষে জয় নির্ধারণী গোলটা ছিল তার।
লা লিগায়ও সর্বোচ্চ গোলদাতা হয়েছেন বেনজেমা। ৩২ ম্যাচে ২৭ গোল করে স্প্যানিশ লিগটির মৌসুম সর্বোচ্চ গোলদাতা তিনি। গত বছরের অক্টোবরে ফ্রান্সকে নেশনস কাপের শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।







