বিনোদন

মাথা খুঁজছে ভূত, ভিকি খুঁজলেন সামাজিক সচেতনতার গল্প

আলোচনায় ভিকি জাহেদের শর্টফিল্ম স্কন্ধকাটা

মাথা খুঁজছে ভূত, ভিকি খুঁজলেন সামাজিক সচেতনতার গল্প

বাংলাদেশের সিনেমা ও নাটকের জগতে রোমান্স, অ্যাকশন, কমেডি আর পারিবারিক গল্পের জয়জয়কার থাকলেও হরর জনরা এখনো অনেকটাই পিছিয়ে। এ পথে পা বাড়াতে সাহস করেন হাতেগোনা কম নির্মাতাই। কারণটাও স্পষ্ট: একটি মানসম্পন্ন হরর গল্প দাঁড় করাতে প্রয়োজন সুনির্দিষ্ট উদ্দেশ্য, জোরালো যুক্তি আর লোককথা ও মিথোলজি নিয়ে গভীর গবেষণা।

এই বাস্তবতায় ভিকি জাহেদ নিঃসন্দেহে ব্যতিক্রম। গৎবাঁধা গল্প থেকে বেরিয়ে সাইকোলজিক্যাল গল্পের সাথে ভৌতিক গল্পের যে আলাদা সংযোগ রয়েছে তা তিনি বেশ কয়েকবার নাটক- ওয়েব সিরিজে দেখিয়েছেন। কিন্তু এবার তিনি হাঁটলেন ভিন্ন পথে। ভৌতিক গল্পের আদলে তিনি সামাজিক বার্তা দেওয়ার চেষ্টা করেছেন।

সম্প্রতি মুক্তি পেয়েছে ভিকি জাহেদের নতুন শর্টফিল্ম ‘স্কন্ধকাটা’। হ্যালোইন উপলক্ষে ৩১ অক্টোবর প্রকাশিত আট মিনিট পঁচিশ সেকেন্ডের এই কনটেন্টে এবার ভৌতিক গল্পের বিষয় হিসেবে তিনি বেছে নিয়েছেন গ্রামবাংলার প্রচলিত লোকসংস্কৃতিকে।

কিন্তু স্কন্ধকাটা আসলে কী? লোকবিশ্বাস অনুযায়ী, দুর্ঘটনায় অস্বাভাবিকভাবে যাদের মাথা হারিয়ে যায়, তাদের আত্মা রূপ নেয় স্কন্ধকাটা ভূতে। এই ভূত নাকি চিরকাল ঘুরে বেড়ায় তার হারানো মাথাটির খোঁজে।

স্কন্ধকাটা যেন আমাদের গ্রামবাংলার শেকড়ের গল্প। একসময় গ্রামে প্রকৃতির ডাকে সাড়া দিতে রাতের বেলায় ঘর ছেড়ে বেশ খানিকটা দূরের জঙ্গলে যেতে হতো। ঘন অন্ধকারে সেই পথচলা অনেকের কাছেই ছিল গা ছমছমে এক অভিজ্ঞতা। সেই চেনা ভয়ের আবহকেই ভিকি জাহেদ আধুনিক সময়ের প্রেক্ষাপটে তুলে এনেছেন অত্যন্ত স্বাভাবিক ও সাবলীলভাবে।

গল্পে দেখা যায়, মিমো নামে এক তরুণ, যে গ্রামে তার দাদা-দাদির বাড়িতে বেড়াতে আসে। কিন্তু সে বেড়াতে গিয়ে জানতে পারে সেই বাড়ির বাথরুমে কিছুটা ঝামেলা থাকায়, তাকে বাড়ি থেকে খানিকটা দূরে শৌচকাজ করতে হলে জঙ্গলে যেতে হবে। রাতের বেলা এক ঘন অন্ধকার জঙ্গলে শৌচকাজ করতে গেলে তীব্র ভয় আর আতঙ্কের মধ্যে পড়ে যায়।

রাতের নিস্তব্ধতা চিরে একের পর এক ভৌতিক ফিসফিসানি তার কানের পর্দায় এসে আছড়ে পড়তে থাকে। অথচ তার দাদা যে আগেই সাবধান করে দিয়েছিলেন, “রাতে কোনো শব্দ শুনলে ভুলেও পেছনে ফিরে তাকাবি না!”

একই সাথে একটি অদ্ভুত বিকৃত কণ্ঠস্বর তার মাথা ফিরিয়ে দেওয়ার জন্য আকুতি জানাতে থাকে। এরপর সে মুখোমুখি হয় গ্রামবাংলার চিরচেনা লোকগাথার এক বিভীষিকা-মাথাহীন ভূত বা ‘স্কন্দকাটা’র।

ভিকি জাহেদ বরাবরই চেনা গণ্ডির বাইরে পা রাখতে ভালোবাসেন, আর এবারও তিনি তার সেই স্বভাবের ব্যত্যয় ঘটাননি। গল্পের ভিত গড়া হয়েছে প্রচলিত ভৌতিক ধাঁচের হলেও শেষ অংশে রয়েছে এক অভাবনীয় মেটাফোরিকাল টুইস্ট, যা দর্শকদের সম্পূর্ণ চমকে দেয়।

শর্টফিল্মটির সবচেয়ে বড় শক্তি এর শেষ ২ মিনিটের মেটাফোর। এটি মূলত টয়লেট পরিস্কারের একটি পণ্যর সাথে কোলাবোরেশন প্রজেক্ট। নির্মাতা গ্রামীণ অন্ধবিশ্বাস বা মাথাহীন ভূতের ভয়কে প্রতীকী অর্থে ব্যবহার করে টয়লেট হাইজিন ও পরিষ্কার-পরিচ্ছন্নতার মতো একটি প্রাত্যহিক গুরুত্বপূর্ণ সামাজিক বার্তাকে ভৌতিক আবহে ফুটিয়ে তুলেছেন।


ভিকি জাহেদ স্কন্ধকাটা-তে দেখিয়েছেন, ব্র্যান্ড-বার্তা কীভাবে গল্পের আকর্ষণ ক্ষুণ্ণ না করেই তুলে ধরা যায়। সেলিব্রিটি-নির্ভর প্রচলিত বিজ্ঞাপনের বদলে তিনি গ্রামাঞ্চলের স্বাস্থ্য-সংকটকে গল্পের কেন্দ্রে রেখেছেন। এই উদ্যোগের মাধ্যমে টয়লেট পরিচ্ছন্নতা ও দৈনন্দিন সুস্থতার সম্পর্ক নিয়ে সচেতনতা গড়ে তুলছে। গল্প যে বিনোদনের পাশাপাশি সমাজে প্রকৃত পরিবর্তনও আনতে পারে, এটি তারই দৃষ্টান্ত।

অন্যদিকে, শর্টফিল্ম বা প্রোমোশনাল কনটেন্ট হিসেবে এর ভিএফএক্স ও ব্যাকগ্রাউন্ড স্কোর ছিল বেশ উন্নত মানের, যা দৃশ্যগুলোকে করে তুলেছে আরও বাস্তবসম্মত। তবে এই শর্টফিল্মের আসল কারিগর নিঃসন্দেহে ভয়েস। ভৌতিক গল্পে কণ্ঠস্বরের যে ট্রান্সফরমেশন থাকে, তা এখানে নিখুঁতভাবে ফুটে উঠেছে। বিশেষ করে একেবারে শেষের সংলাপ, “আমার মাথাডা কই? আমার মাথাটা… টকটকে লাল মাথা!”, যখন ব্যাকগ্রাউন্ড স্কোরের সঙ্গে মিশে বেজে ওঠে, তখন দর্শক স্তব্ধ না হয়ে পারেন না।

অন্যদিকে আজিজুল হাকিম এবং তামিম করিম তাদের সীমিত স্ক্রিন টাইমের মধ্যেই ভয়ার্ত ও রহস্যময় অভিব্যক্তিগুলো দারুণভাবে ফুটিয়ে তুলেছেন।

তবে গল্পটি এত দ্রুত শেষ হয় যে, যারা পিওর গভীর কোনো ভৌতিক গল্প আশা করে দেখতে বসবেন, তারা কিছুটা অতৃপ্ত বোধ করতে পারেন।

বিষয়:ভিকি জাহেদ ভূত ভৌতিক লোকবিশ্বাস স্কন্ধকাটা হরর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…