দারুণ আরেকটি বছর পার করলেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তার ভাষায়, আশ্চর্যের বাইরে সাফল্য তিনি অনুভব করেছেন। ২০২৪ সালের পুরো বছরের হিসেব নিকেশ তুলে ধরে নিজের পেজে দর্শকদের সামনে তুলে ধরে তাদের ধন্যবাদ দিয়েছেন এই লাক্সতারকা।
মেহজাবীন লিখেছেন, ২০২৪-এ যাদের সঙ্গে দেখা হয়েছে, কাজ হয়েছে, বা যারা আমার জীবনে কোনওভাবে জায়গা করে নিয়েছেন, সবাইকে একটা বড় ধন্যবাদ জানাতে চাই। সত্যি বলতে, আমার চারপাশে এত পজিটিভ মানুষ ছিল যারা আমার কঠিন সময়গুলো সহজ করেছে। যাদের সঙ্গে কাজ করেছি, তারাও আমাকে এতটা কমফোর্টেবল বানিয়েছে যে আমি নিজের মতো করে কাজ করতে পেরেছি আর আরও ভালোভাবে পারফেক্ট করতে পেরেছি।
এ বছর সিনেমায় অভিষেক হয় মেহজাবীনের। তিনি তার দুটি সিনেমার মাধ্যমে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেন। সেই প্রসঙ্গ টেনে মেহজাবীন বলেন, আমি সত্যিই ভাগ্যবান যে ‘প্রিয় মালত ‘ এবং ‘সাবা’ সিনেমাগুলোর মাধ্যমে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে। যেমন টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, কায়রো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া, আল্টারনেটিভা ফিল্ম ফেস্টিভ্যাল এবং রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। প্রতিবার যখন আমার সিনেমার নামের সঙ্গে বাংলাদেশ বলে ঘোষণা করা হয়েছে, আমার হৃদয় গর্বে ভরে উঠেছে।
মেহজাবীন আরও লেখেন, আমার পরিবারকে নিয়ে বলতে গেলে, তাদের জন্যও আমি খুব গ্রেটফুল। তারা সবসময় আমাকে বুঝেছে, সাপোর্ট করেছে, যদিও আমি ঠিকমতো সময় দিতে পারিনি। তবুও তারা সবসময় আমার পাশে ছিল, আর আমি তাদের সঙ্গেই ছিলাম, অন্তত মন থেকে। তবে প্রতিজ্ঞা করছি, নতুন বছর আমি আরও বেশি সময় বের করার চেষ্টা করব পরিবারের জন্য।
আমার দর্শকদের কাছে আলাদা করে ধন্যবাদ। কারণ আপনারা এই বছরের আরারত, তিথিডোর, ফরগেট মি নট, আর প্রিয় মালতী এই চারটি প্রজেক্টকে যেভাবে ভালোবাসা দিয়েছেন, তা আশ্চর্যের বাইরে! একজন অভিনেতা হিসেবে এই বছরটা সত্যিই অসাধারণ ছিল, আর আমি এর থেকে বেশি কিছু চাইতেও পারতাম না।
“২০২৫ নিয়ে আমি খুব উচ্ছ্বসিত! চাই আমাদের ইন্ডাস্ট্রি আরও বড় হোক, আরও বেশি কাজের সুযোগ হোক। সিনেমার সংখ্যা যেন এই বছরের তুলনায় দ্বিগুণ হয়। ওটিটি কনটেন্টে আমরা যেন নেক্সট লেভেলে যেতে পারি আর নাটকের মান যেন আরও ভালো হয়, সুন্দর সুন্দর গল্প যেন আরও বেশি উঠে আসে।” বলেন মেহজাবীন।
নিজের অনুভূতি শেয়ার করে এদিন অভিনেত্রী বলেন,“আরেকটা জিনিস নিয়ে আমি খুব খুশি সেটা হলো মালাইকা। আমার ছোট বোনের প্রথম টিভিসি আর প্রথম নাটকের জন্য আপনারা যেভাবে তাকে ভালোবাসা দিয়েছেন আর গ্রহণ করেছেন, তা আমাদের পুরো পরিবারের জন্য অনেক বড় ব্যাপার। তার জন্য আপনাদের এই ভালোবাসা দেখে আমি সত্যিই অভিভূত।”








