নানা আয়োজনের মধ্যে দিয়ে সারাদেশে পালিত হচ্ছে মহান মে দিবস। ১৮৮৬ সালের ৩ মে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটে আট ঘন্টা কাজের দাবিতে শ্রমিকরা জমায়েত হয়েছিল। অজ্ঞাতনামার বোমা নিক্ষেপের পর পুলিশ শ্রমিকদের ওপর গুলিবর্ষণ শুরু করে। ফলে প্রায় ১০-১২জন শ্রমিক ও পুলিশ নিহত হয়। এরপর থেকে প্রতিবছর ১ মে বিশ্বব্যাপী দিবসটি যথাযোগ্য মর্যাদার সাথে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালিত হয়।
রাজধানীর নয়াপল্টনে মে দিবস পালন
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শুক্রবার (১ মে) রাজধানীর নয়াপল্টনে নিজ দলীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশ আয়োজন করেছে বিএনপি। দুপুরে সমাবেশে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া সারা দেশেও নানা আয়োজনে মে দিবস পালন করা হচ্ছে।
বগুড়ায় মে দিবস পালিত
মে দিবস উপলক্ষে বগুড়া মটর শ্রমিক ইউনিয়ন, জাতীয়তাবাদী শ্রমিক দল, হোটেল শ্রমিক ইউনিয়ন, স্বর্ণ শিল্পী ইউনিয়ন, গৃহ নির্মাণ শ্রমিক পরিষদসহ নানা সংগঠন বর্নাঢ়্য র্যালী বের করে বগুড়া শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাতমাথায় শ্রমিক সমাবেশ করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বগুড়া সদর ৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা।
তিনি বলেন, বর্তমান সরকার শ্রমিক বান্ধব দল। প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রমিকদের নানান দাবী সমর্থন জানিয়েছেন এবং শ্রমিকদের জন্য ইতিমধ্যেই নানা প্রকল্প হাতে নিয়েছেন।
এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন বগুড়া জেলা পরিষদের প্রশাসক আহসানুল তৈয়ব জাকির, বগুড়া মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল হামিদ মিটুল, শ্রমিক দলের সভাপতি আব্দুল ওয়াদুদসহ অন্যরা।
খুলনায় মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত
নানা আয়েজনে খুলনায় মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলেক্ষ্য খুলনায় জেলা প্রশাসন, বিভাগীয় শ্রম দপ্তর এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন দপ্তর যৌথ উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করেছে।
এছাড়া বিভিন্ন রাজনৈতিক দল, ট্রেড ইউনিয়ন ও শ্রমিক ফেডারেশন পৃথক পৃথক কর্মসূচি পালন করেছে।
গাইবান্ধায় বিভিন্ন শ্রমিক সংগঠনের আয়োজনে মে দিবস পালিত
আজ মহান মে দিবস উপলক্ষে শুক্রবার সকালে গাইবান্ধায় গোবিন্দগঞ্জ শ্রমিক ইউনিয়ন, গোবিন্দগঞ্জ হাট বাজার পুলি শ্রমিক ইউনিয়ন কাঠমিস্ত্রি শ্রমিক ইউনিয়ন, ইলেকট্রনিক্স শ্রমিক ইউনিয়ন, দর্জি শ্রমিক ইউনিয়ন, রেস্তরা শ্রমিক ইউনিয়ন, ইজিবাইক শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন শ্রমিক সংগঠন র্যালী ও আলোচনা সভার আয়োজন করে।
শেরপুরে বিশ্ব শ্রমিক দিবস পালিত
মে দিবস উপলক্ষ্যে সারাদেশের ন্যায় শেরপুর জেলাতেও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে বর্ণাঢ্য র্যালি, শ্রমিক সমাবেশ সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। শ্রম অধিদপ্তরের কলকারখানা পরিদর্শন ইউনিট ও জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে। র্যালিতে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ। এসময় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
যশোরে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন
শুক্রবার সকালে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে যশোর জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা শাহাদাত বরণ করেছেন তার অধিকাংশই শ্রমিক। তাই আমাদের অঙ্গীকার রয়েছে শ্রমিকদের কাজ ফিরিয়ে দেওয়ার।
তিনি বলেন, কর্মসংস্থান সংকটের সমাধান এবং বন্ধ হয়ে যাওয়া সরকারি কলকারখানাগুলো পুনরায় চালুর বিষয়ে সরকারের উদ্যোগ নিয়েছে। সরকার চেষ্টা করছে শ্রমিকদের ন্যায্যমজুরি নিশ্চিত করার।
বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী আরো বলেন, সরকার কৃষক কার্ড, ফ্যামিলি কার্ডের মাধ্যমে শ্রমিকদের পরিবারে আরও একটু সচ্ছলতা আনার চেষ্টা করছে। কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করে দিয়েছে সরকার। হাওর অঞ্চলে যে সমস্ত কৃষকের অতিবৃষ্টির কারণে ফসল হানি হয়েছে তাদের ক্ষতি পুষিয়ে দেওয়ার জন্য আগামী তিন মাস সরকারের তরফ থেকে তাদের একটি বিশেষ খাদ্য সহায়তা দেওয়া হবে। এই উদ্যোগগুলো শ্রমিকদের জন্য, সাধারণ প্রান্তিক মানুষের জন্য, এই উদ্যোগগুলো একটি সুখী সমৃদ্ধিশালী বাংলাদেশ তৈরির সহায়ক হবে।
নীলফামারীতে মহান মে দিবস পালিত
‘সুস্থ শ্রমিক কমর্ঠ হাত, আসবে এবার নব প্রভাত’ এই প্রতিপাদ্য নিয়ে নীলফামারীতে মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রসাশন ও বিভিন্ন শ্রমিক সংগঠনের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
লালমনিরহাটে মহান মে দিবস পালিত
শুক্রবার সকালে জেলা প্রশাসন এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মহান মে দিবস উদযাপন করা হয়।
সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি বিশাল র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ পরিবহন শ্রমিক, নির্মাণ শ্রমিক ও বিভিন্ন ট্রেড ইউনিয়নের নেতা-কর্মীরা অংশ নেন।
টাঙ্গাইলে মহান মে দিবস পালন
টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও কাঙ্গালী ভোজসহ নানা কর্মসুচি পালন করা হয়। টাঙ্গাইলের বাসাইলে মে দিবসের র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এডভোকেট আহমেদ আযম খান।
লক্ষ্মীপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে র্যালি ও সমাবেশ
১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে লক্ষীপুরে শ্রমিক কল্যান ফেডারেশনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ফেডারেশনের জেলা শাখা সভাপতি মমিন উল্যা পাটোয়ারী ও জেলা জামায়াতে আমীরের অংশ গ্রহনে শুক্রবার বেলা ১১টার দিকে বর্ণাঢ্য র্যালি শহরের দক্ষিণ তেমুহানী থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক দুই কি.মি ঘুরে উত্তর তেমুহানী আফনান চত্বরে এসে সমাবেশে মিলিত হয়। এ সময় সংগঠনের জেলা সেক্রেটার মমিনুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য বক্তব্য রাখেন। বক্তারা পরিবহনসহ অন্যান্য ক্ষেত্র থেকে বিশেষ করে শ্রমিকদের কাছ চাঁদা নেয়া বন্ধ করার দাবি জানান। একই সাথে শ্রমিকদের ন্যায্য মজুরী মাসিক বেতন ভাতা ২৫ হাজার টাকা করার দাবি জানান।
মহান মে দিবস উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য র্যালি
“সুস্থ শ্রমিক, কর্মঠ হাত—আসবে এবার নব প্রভাত” প্রতিবাদ্যকে সামনে রেখে শুক্রবার (১ মে) মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৬ উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, বিভাগীয় শ্রম দপ্তর, জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউট, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, শিল্প সম্পর্ক শিক্ষায়তন এবং গ্রাম কল্যাণ কেন্দ্র সপুরা, রাজশাহীর উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
মেহেরপুরে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস উদযাপন
মহান মে দিবস উপলক্ষে মেহেরপুরে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়েছে। শুক্রবার সকালে জেলা প্রশাসন, আঞ্চলিক শ্রম দপ্তর ও শ্রম কল্যাণ কেন্দ্র কুষ্টিয়ার যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মহান মে দিবস উপলক্ষে রংপুরে র্যালি ও আলোচনা সভা
মহান মে দিবস উপলক্ষে রংপুরে র্যালি ও আলোচনা সভা হয়েছে। সকালে জেলা প্রশাসন, আঞ্চলিক শ্রম দপ্তর এবং কলকারখানা ও প্রতিষ্ঠার পরির্দশন দপ্তরের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে বেলুন উড়িয়ে র্যালির উদ্বোধন করেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার আব্দুল মোতালেব সরকার। এ সময় একটি জনসচেতনতামূলক র্যালি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এরপর শিল্পকলা একাডেমি মিলনায়তনে দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া দিবসকে ঘিরে বিভিন্ন সংগঠন র্যালি, আলোচনা সভাসহ দিনব্যাপী নানা কর্মসূচি পালন করছে।
কুড়িগ্রামে নানা আয়োজনে মহান মে দিবস পালিত
কুড়িগ্রামে বর্নাঢ্য র্যালি, শ্রমিক সমাবেশ সহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে জেলা সদরের স্বাধীনতার বিজয়স্তম্ভ চত্ত্বর থেকে একটি বর্নাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে। এতে কুড়িগ্রাম জেলা বাস- মিনিবাস শ্রমিক ইউনিয়ন, ট্রাক শ্রমিক ইউনিয়ন, বিদ্যুৎ কারিগরি শ্রমিক ইউনিয়ন, হোটেল শ্রমিক ইউনিয়ন সহ ২২টি শ্রমিক সংগঠন অংশ নেয়।
মহান মে দিবসে ঠাকুরগাঁওয়ে চিনিকল শ্রমিক কর্মচারী সভা ও স্মারক সম্মাননা প্রদান
শ্রমিক বাঁচলে বাঁচবে দেশ, সবার আগে বাংলাদেশ-এ প্রতিপাদ্যকে সামনে রেখে ‘মহান মে দিবস ২০২৬’ সফল করতে আলোচনা সভা, র্যালি ও সম্মাননা স্মারক প্রদান করেছে ঠাকুরগাও সুগার মিলস শ্রমিক কর্মচারী ইউনিয়ন। ঠাকুরগাঁও সুগার মিলস শ্রমিক কর্মচারী ইউনিয়ন এর আয়োজনে শুক্রবার সকালে শহরের রোড বাজার এলাকায় সংগঠনটির নিজস্ব ভবনে এসব কর্মসূচি পালন করা হয়।
শরীয়তপুরে মহান আন্তর্জাতিক মে দিবস
শরীয়তপুরে মহান মে দিবস উপলক্ষে শরীয়তপুর জেলা সিএনজি, অটোরিক্সা, ইজিবাইক, হালকা যানবাহন পরিবহন শ্রমিক ফেডারেশন ও শরীয়তপুর আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের আয়োজনে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালি শেষে বিভিন্ন শ্রমিক ফেডারেশন জেলা শহীদ মিনার ও জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করে।
মহান মে দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে র্যালি-আলোচনা সভা
চাঁপাইনবাবগঞ্জে র্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে মহান মে দিবস। শুক্রবার সকালে জেলা প্রশাসন, জাতীয়তাবাদী শ্রমিকদল, শ্রমিক ফেডারেশন, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) জেলা শাখা, হোটেল শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালী, আলাচনা সভার আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা।
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ফেনীতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময়
আন্তর্জাতিক শ্রমিক দিবস (মে দিবস) ২০২৬ উদযাপন উপলক্ষে সাংবাদিকদের সাথে ৩০ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে ফেনী প্রেসক্লাবে মতবিনিময় করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ফেনী জেলা নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক আব্দুল মতিন ভূঁইয়া, জেলা সহ- সাধারণ সম্পাদক মাওলানা মনির হোসাইন, জেলা ট্রেড ইউনিয়ন সম্পাদক ওসমান গনি মজুমদার আরিফ, ফেনী শহর সভাপতি হাসান আল মাহমুদ, জেলা পরিবহন শাখার সভাপতি মো. ওমর ফারুকসহ অন্যান্য নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলন শেষে প্রেসক্লাব এলাকায় শ্রমিকদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
পটুয়াখালীতে মহান মে দিবস পালিত
‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত’ প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীতে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উপলক্ষে বর্ণাঢ্য রালী, আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন ও আঞ্চলিক শ্রম দপ্তর। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মাসুদ উল আলম। এছাড়াও জেলায় বিভিন্ন সংগঠন পৃথক কর্মসূচি পালন করে।
ময়মনসিংহ মে দিবস উদযাপন
ময়মনসিংহে জেলা প্রশাসন, কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তর, বিভিন্ন শ্রমিক সংগঠন মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবসটি যথাযোগ্য মর্যাদার পালন করে। দিবসটি পালনে র্যালি, আলোচনা সভাসহ নানা অনুষ্ঠানের আয়োজন করে। আজ শুক্রবার সকালে ময়মনসিংহ সদর ৪ আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওযাহিদ মে দিবসের র্যালির শুভ উদ্বোধন করেন। র্যালি শেষে টাউন হলে তারেক স্মৃতি অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওযাহিদ। এতে জেলা প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেয়।








