মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ইছবপুর গ্রামের একটি গরুর খামার থেকে ১৫ ফুট লম্বা ও ২৫ কেজি ওজনের বিশাল আকৃতির একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।
রোববার (৩০ আগস্ট) সকালের দিকে সাপটিকে উদ্ধার করা হয়। বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, শ্রীমঙ্গলের ইছবপুর গ্রামের জসিম উদ্দিন নামের এক ব্যক্তির গরুর খামারে অজগরটি ঢুকে পড়ে।
এ সময় খামারের গরুগুলো অজগরটিকে দেখে হাম্বা হাম্বা শব্দ করে চেঁচামেচি শুরু করে। খামারের মালিক বিষয়টি অস্বাভাবিক বুঝতে পেরে দ্রুত ঘটনাস্থলে গেলে অজগরটিকে দেখতে পান।
লোকজনের উপস্থিতি আঁচ করতে পেরে সাপটি গরুর খামার থেকে নেমে যায়। পরে খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ঘটনাস্থলে এসে অজগরটিকে উদ্ধার করে নিয়ে যান।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে একের পর এক বন্যপ্রাণী লোকালয়ে বেরিয়ে এসে ধরা পড়ছে।









