ভালোবাসা কি শুধু একসঙ্গে থাকার নাম? নাকি কিছু সম্পর্ক বিচ্ছেদের পরও স্মৃতির গভীরে বেঁচে থাকে? এমনই এক আবেগঘন গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘আমার রাজ্যে তুমি’। মাসরিকুল আলম পরিচালিত এই নাটকে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব, অভিনেত্রী পায়েল এবং মালাইকা চৌধুরী।
নাটকটিতে সিয়াম চরিত্রে দেখা যাবে তৌসিফ মাহবুবকে। নবনী চরিত্রে অভিনয় করেছেন পায়েল এবং বৃষ্টি চরিত্রে রয়েছেন মালাইকা চৌধুরী। এই নতুন ত্রয়ীর উপস্থিতি ঘিরে নাটকটি মুক্তির আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ।
‘আমার রাজ্যে তুমি’র গল্প আবর্তিত হয়েছে সিয়াম, নবনী ও বৃষ্টির জীবনকে ঘিরে। ভালোবাসা, স্মৃতি, ত্যাগ, না-পাওয়া এবং জীবনের অপ্রত্যাশিত মোড় মিলিয়ে এগিয়ে যায় নাটকের কাহিনি।
নির্মাতা মাসরিকুল আলমের ভাষায়, এটি শুধু প্রেমের গল্প নয়; বরং স্মৃতি, ত্যাগ, না-পাওয়া এবং নিঃস্বার্থ ভালোবাসার গল্প। তার বিশ্বাস, নাটকটি দেখার সময় দর্শক নিজেদের জীবনের কোনো না কোনো অনুভূতির সঙ্গে গল্পটির মিল খুঁজে পাবেন।
নাটকটি নিয়ে তৌসিফ মাহবুব বলেন, “এটাকে প্রেমের গল্প বলা যায় না, বলতে পারেন সম্পর্কের গল্প। চিরাচরিত গল্পের বাইরে এটা একটু অন্যরকম। পায়েলের সঙ্গে আমার অনেক কাজ হয়েছে, তবে এখানে মালাইকার সঙ্গে প্রথম কাজ। কাজটি করতে ভালো লেগেছে। আশা করি দর্শকদেরও ভালো লাগবে।”
নির্মাতা মনে করেন, গল্পের আবেগ, নির্মাণশৈলী এবং তিন অভিনয়শিল্পীর নতুন রসায়ন নাটকটির অন্যতম আকর্ষণ হয়ে উঠবে।
নির্মাতা সূত্রে জানা গেছে, ‘আমার রাজ্যে তুমি’ খুব শিগগিরই ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।

