পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় এবং শান-বাবরদের হোয়াইটওয়াশ করায় টিম টাইগার্সকে অভিনন্দন জানিয়েছেন সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। মঙ্গলবার সিরিজ জয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা দেন নড়াইল এক্সপ্রেস।
বাংলাদেশ দলের উদযাপনের একটি ছবি পোস্ট করে জয়ের অভিনন্দন বার্তায় মাশরাফী লিখেছেন, ‘পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়! অভিনন্দন বাংলাদেশ।’
টেস্টে পাকিস্তানের বিপক্ষে তাদেরই মাটিতে প্রথমবার সিরিজ জয়ে আনন্দে ভাসছে বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে ১০ উইকেটের বড় জয়ের পর দ্বিতীয় টেস্টে ৬ উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ। দুই টেস্টের সিরিজে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করে থেমেছে। বিদেশের মাটিতে তৃতীয়বার সিরিজ জয়ের কীর্তি গড়ল টিম টাইগার্স।








