বিমান দুর্ঘটনায় মারা গেছেন ব্রাজিলের জনপ্রিয় শিল্পী মারিলিয়া মেনদোসা। শুক্রবার ব্রাজিলের মধ্য–পশ্চিমাঞ্চলীয় শহর গৈওনিয়া থেকে কারাটিঙ্গা যাওয়ার পথে বিমান দুর্ঘটনাটি ঘটে। ব্রাজিলের সংবাদ মাধ্যমগুলো বলছে, লাইভ কনসার্ট করতে বিমানে করে গানের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন মারিলিয়া।
মৃত্যুর কিছুক্ষণ আগেও নিজের ইনস্টাগ্রামে বিমানে উঠার মুহূর্তগুলোও নিজের ভক্ত অনুরাগীদের সাথে শেয়ার করছিলেন। এরপরই দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হ তার।
একটি বিবৃতিতে জানানো হয়, বিমান দুর্ঘটনায় এই শিল্পী সহ মারা গেছেন তার ম্যানেজার, সহকারী, বিমানচালক এবং সহকারী বিমানচালক।
কান্ট্রি গান গেয়ে খ্যাতি অর্জন করেছেন মারিলিয়া মেনদোসা। স্থানীয় সংবাদমাধ্যম বলছে, বিমানের চাকা মাটি ছোঁয়ার আগের মুহূর্তে একটি বৈদ্যুতিক তারে ধাক্কা খায়। পাইলট নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় মাটিতে আছড়ে পড়ে বিমান। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে। বিমানযাত্রীদের কাউকেই বাঁচানো সম্ভব হয়নি।
২০১৯ সালে লাতিন গ্র্যামি পুরস্কার পান ব্রাজিলীয় মারিলিয়া মেনদোসা। তার মৃত্যুতে শোক জানাচ্ছে ব্রাজিলের শিল্পী সমাজ। আর ভক্ত অনুরাগীরা শিল্পীর শেয়ার করা শেষ মুহূর্তগুলো পরখ করছেন নানান ভাবে।







