পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্যারামাউন্ট ইন্সুরেন্স লিমিটেডের শেয়ার কারসাজি সংক্রান্ত দায়ে সাকিব আল হাসানসহ ৭ ব্যক্তি-প্রতিষ্ঠানকে জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার বিএসইসির পরিচালক ও মুখপাত্র ফারহানা ফারুকীর পক্ষে কমিশনের জনসংযোগ কর্মকর্তা মো. মোহাইমিনুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে ৯২৩তম কমিশন সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় অন্যান্যের মধ্যে নিম্নবর্ণিত সিদ্ধান্ত গৃহীত হয়েছে
প্যারামাউন্ট ইন্সুরেন্স লিমিটেডের শেয়ার লেনদেনে কারসাজির কারণে সিকিউরিটিজ আইন ভঙ্গ করায় মো. আবুল খায়েরকে ২৫ লাখ টাকা, সাকিব আল হাসাকে ৫০ লাখ টাকা, ইশাল কমিউনিকেশন লিমিটেডকে ৭৫ লাখ টাকা, মোনার্ক মার্টকে এক লাখ টাকা, আবুল কালাম মাতব্বরকে ১০ লাখ টাকা, লাভা ইলেকট্রোডস ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ১ লাখ টাকা এবং মো. জাহেদ কামালকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।








