ম্যানসিটি থেকে বেনফিকায় আর্জেন্টাইন মিডফিল্ডার

ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার পরও নিয়মিত খেলার সুযোগ হয়নি ক্লাউদিও এচেভেরির। জার্মানি ও স্পেনে ধারে খেলার পর এবার পর্তুগালে পাড়ি জমালেন আর্জেন্টাইন এই অ্যাটাকিং মিডফিল্ডার। তাকে ধারে দলে ভিড়িয়েছে বেনফিকা।
বেনফিকার সঙ্গে ধারের চুক্তি সম্পন্ন করতে ইতোমধ্যে লিসবনে পৌঁছেছেন এচেভেরি। ম্যানচেস্টার সিটির সতীর্থ রুবেন দিয়াস ও বের্নার্দো সিলভার কাছ থেকেও পেয়েছেন নতুন ক্লাব নিয়ে ইতিবাচক পরামর্শ।
পর্তুগিজ সংবাদমাধ্যম এ বোলার প্রতিবেদনে বলা হয়েছে, এচেভেরিকে পরবর্তীতে স্থায়ীভাবে দলে নেওয়ার সুযোগও রাখা হয়েছে চুক্তিতে। অনূর্ধ্ব-১৭ পর্যায়ে আর্জেন্টিনার হয়ে নজরকাড়া পারফরম্যান্স করা এই তরুণকে নিয়ে আশাবাদী বেনফিকা।
২০২৪ সালের জানুয়ারিতে ম্যানচেস্টার সিটির সঙ্গে সাড়ে চার বছরের চুক্তি করেছিলেন এচেভেরি। তবে ইংলিশ ক্লাবটির হয়ে এখন পর্যন্ত মাত্র এক ম্যাচ খেলেছেন তিনি। এরপর ধারে বেয়ার লেভারকুসেন ও জিরোনায় খেলেছেন। কোনো ক্লাবেই অবশ্য নিয়মিত শুরুর একাদশে জায়গা করে নিতে পারেননি ২০ বছর বয়সী এই ফুটবলার।
বেনফিকায় এচেভেরিকে বেশি সুযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। কোচ মার্কো সিলভার ট্যাকটিক্যাল সেটআপে গুরুত্বপূর্ণ ভূমিকা পেতে পারেন তিনি। নতুন ক্লাবে ১০ নম্বর জার্সি পরেই খেলবেন এচেভেরি।
আর্জেন্টিনার বয়সভিত্তিক ফুটবলে অবশ্য অনেক আগেই নিজের সামর্থ্যের জানান দিয়েছিলেন তিনি। ২০২৩ সালের অনূর্ধ্ব-১৭ লাতিন আমেরিকান চ্যাম্পিয়নশিপে পাঁচ গোল ও তিন অ্যাসিস্ট করে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা হন এচেভেরি।
সেই বছরই ইন্দোনেশিয়ায় গড়ানো অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে হ্যাটট্রিক করে আলোচনায় আসেন তিনি।






