আদালতের নির্দেশনা অমান্য করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচার করা হলে তা আদালত অবমাননার শামিল হবে বলে সতর্ক করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। একই সঙ্গে তিনি জানিয়েছেন, দেশের চলমান গ্যাস সংকট সাময়িক এবং অল্প কিছু দিনের মধ্যেই ধাপে ধাপে পরিস্থিতির উন্নতি হবে।
মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়ে এক প্রশ্নের জবাবে ডা. জাহেদ উর রহমান বলেন, আদালতের নির্দেশনা অমান্য করে তার বক্তব্য প্রচার করা হলে তা আদালত অবমাননার শামিল হবে। কেউ এ ধরনের কার্যক্রমে জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
দেশের গ্যাস পরিস্থিতি নিয়ে তিনি বলেন, বর্তমান সংকট সাময়িক। অল্প কিছু দিনের মধ্যেই ধাপে ধাপে পরিস্থিতির উন্নতি হবে। এ সময় সাধারণ মানুষকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, আগস্টের শেষ সপ্তাহে বাংলাদেশ-মালয়েশিয়া দ্বিপক্ষীয় বৈঠকে দুই দেশের সম্মতির ভিত্তিতে সব খাতের শ্রমিকদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করার বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে। অতীতের অনিয়মের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার আরও স্বচ্ছ ও সুশৃঙ্খল প্রক্রিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার।
এ ছাড়া জুলাই শহীদ স্মৃতি জাদুঘর আগামী ৬ আগস্ট থেকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে বলেও জানান তথ্য উপদেষ্টা। তিনি বলেন, প্রাপ্তবয়স্কদের জন্য টিকিট মূল্য ৫০ টাকা এবং শিশুদের জন্য ২০ টাকা নির্ধারণ করা হয়েছে।
লেখক তসলিমা নাসরিন দেশে ফিরতে চাইলে সরকারের পক্ষ থেকে কোনো বাধা নেই বলেও জানান ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, দেশে ফেরার উদ্যোগ তাকে নিজেকেই নিতে হবে। সে ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা সরকার গ্রহণ করবে।







