ক্রিকেট

ফিল সিমন্সের সহকারী কোচ হিসেবে নিয়োগ পেলেন মাকেতা

ফিল সিমন্সের সহকারী কোচ হিসেবে নিয়োগ পেলেন মাকেতা

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন সহকারী কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সাউথ আফ্রিকার মালিবোংওয়ে মাকেতা। ২০২৬ সালের অক্টোবর থেকে ২০২৮ সালের নভেম্বর পর্যন্ত মাকেতার সঙ্গে চুক্তি করেছে বিসিবি। আফগানিস্তানের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে গড়াতে চলা টেস্ট সিরিজ দিয়েই বাংলাদেশ দলের কোচিং স্টাফে যোগ দেওয়ার কথা রয়েছে তার।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তার নিয়োগের বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ক্রিকেট সাউথ আফ্রিকার (সিএসএ) লেভেল-৪ কোচ মাকেতার কোচিংয়ে রয়েছে দুই দশকের বেশি অভিজ্ঞতা। সাউথ আফ্রিকা জাতীয় দলের সহকারী কোচের পাশাপাশি দেশটির ‘এ’ দল, অনূর্ধ্ব-১৯ দল, ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি এবং প্রাদেশিক ফ্র্যাঞ্চাইজি ওয়ারিয়র্সের প্রধান কোচ হিসেবেও কাজ করেছেন তিনি।

২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত সাউথ আফ্রিকা জাতীয় দলের সহকারী কোচের দায়িত্ব পালন করেন মাকেতা। ওই সময়ে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রোটিয়াদের প্রস্তুতিতে যুক্ত ছিলেন তিনি। ২০১৯ সালে ইংল্যান্ডে গড়ানো ওয়ানডে বিশ্বকাপেও প্রোটিয়াদেরও কোচিং স্টাফের সদস্য ছিলেন।

জাতীয় দলের সঙ্গে কাজ করার সময় ভারতের বিপক্ষে ঘরের মাঠে এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ জয়েও কোচিং স্টাফের অংশ ছিলেন মাকেতা। শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে সফল দ্বিপাক্ষিক সিরিজেও তার ভূমিকা ছিল।

তরুণ ক্রিকেটারদের গড়ে তোলার ক্ষেত্রেও অভিজ্ঞতা রয়েছে মাকেতার। সাউথ আফ্রিকার জাতীয় অ্যাকাডেমিতে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য খেলোয়াড়দের প্রস্তুত করার পাশাপাশি অনূর্ধ্ব-১৯ দলের কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তার অধীনে সাউথ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল যুব বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল।

এ ছাড়া ২০২৩-২৪ মৌসুমে তার কোচিংয়ে সাউথ আফ্রিকা ইমার্জিং দল সিএসএ ওয়ানডে কাপের ডিভিশন-২ শিরোপা জেতে।

বাংলাদেশ দলের দায়িত্ব পাওয়ার পর নিজের উচ্ছ্বাসের কথা জানিয়েছেন মাকেতা। বলেছেন, ‘বাংলাদেশ জাতীয় দলের সহকারী কোচের দায়িত্ব গ্রহণ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আমার ওপর আস্থা ও বিশ্বাস রাখার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। দলের সাফল্যে ইতিবাচক অবদান রাখতে আমি মুখিয়ে রয়েছি।’

তরুণ দলটির সঙ্গে কাজ করার সুযোগ নিয়েও আশাবাদী প্রোটিয়ান এই কোচ। বলেছেন, ‘আমাদের একটি তরুণ এবং সম্ভাবনাময় দল রয়েছে। খেলোয়াড়দের সেরা পারফরম্যান্স বের করে আনতে এবং তাদের ধারাবাহিক উন্নতিতে সহায়তা করতে প্রধান কোচ ফিল সিমন্স ও বাকি কোচিং স্টাফদের সঙ্গে কাজ করার জন্য আমি মুখিয়ে আছি। এই সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ, দারুণ এই যাত্রা শুরু করতে আমি সত্যিই রোমাঞ্চিত।’

বিষয়:বিসিবি মাকেতা সহকারী কোচ সিমন্স

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…